২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের রপ্তানিকারকদের অভিযোগ: খতিয়ে দেখতে সাইফুরের নির্দেশ, এফবিসিসিআই চায় সুস্পষ্ট অভিযোগ

রপ্তানিকৃত পণ্যের বিপরীতে অর্থ না পাওয়া সম্পর্কে ভারতীয় রপ্তানিকারকদের একটি অভিযোগ খতিয়ে দেখতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2005, 07:56 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

শনিবার ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন (এফআইইও) এর নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ভারতীয় রপ্তানিকারকদের অভিযোগটি সত্য হলেও হতে পারে।

এফআইইও’র পূর্বাঞ্চলের চেয়ারম্যান এস কে জেইনের নেতৃত্বে প্রতিনিধিদল বাংলাদেশের তিনটি বেসরকারি ব্যাংকের বিরুদ্ধে পণ্যের নির্ধারিত অর্থ পরিশোধ না করার অভিযোগ আনে এবং এ ক্ষেত্রে অর্থমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে।

তবে এ ক্ষেত্রে ভারতীয় পক্ষের ভুল হওয়ার সম্ভাবনাকেও উড়িয়ে দেননি অর্থমন্ত্রী সাইফুর রহমান।

একই রকম মত প্রকাশ করেছে ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

এফআইইও নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে এফবিসিসিআই’র ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন বলেন, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংক অত্যন্ত কঠোরভাবে নিয়ম পালন করে। ফলে এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা একেবারেই নেই। তবে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তার ভিত্তিতে তদন্ত হতে পারে।

তিনি তার পূর্ব অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, এর আগেও তার নিজের ব্যাংকের বিরুদ্ধে এমন অভিযোগ তদন্ত করতে গিয়ে দেখা যায়, ভারতীয় রপ্তানিকারক কাস্টমসের কোন প্রমাণপত্র ছাড়াই অর্থ দাবি করেছেন।

বাংলাদেশী ব্যাংকগুলোর এ ধরনের কাজকে ‘প্রতারনামূলক’ বলে অভিহিত করে জেইন বলেন, এর ফলে আমদানিকৃত পণ্যের মূল্য বৃদ্ধি পেতে পারে। তিনি বলেন, স্থানীয় ভোক্তাদের এর ফলে বাড়তি অর্থ গুনতে হতে পারে।

এক প্রশ্নের জবাবে এসকে জেইন জানান, অপ্রতুল অবকাঠামো, কাস্টমস কর্মকর্তা ও পরিবহন ব্যবস্থার সমস্যা দুই দেশের বানিজ্যের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

বাংলাদেশের সম্ভাব্য রপ্তানিযোগ্য পণ্যের ক্ষেত্রে ভারত সরকার আরোপিত বিভিন্ন নন ট্যারিফ (শুল্ক বহির্ভূত) বাধার বিষয়টি তিনি অবগত নন বলে জানান এসকে জেইন।