বহিস্কৃত ছাত্রদের হামলায় ইউএসটিসির ডেপুটি রেজিস্ট্রার আহত
চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) ডেপুটি রেজিস্ট্রার জসিম উদ্দিন শনিবার সকালে বহিষ্কৃত ছাত্রদের হামলায় গুরুতর আহত হয়েছেন।
খুলশী থানা পুলিশ ও ইউএসটিসি সূত্র জানায়, গত মাসে বহিষ্কৃত কয়েকজন ছাত্র ও তাদের অর্ধ শতাধিক সহযোগী শনিবার সকালে ইউএসটিসির প্রশাসনিক কার্যালয় ঘিরে রাখে । এক পর্যায়ে তারা ডেপুটি রেজিস্ট্রার জসিম উদ্দিনের কক্ষের দরজা ভেঙ্গে প্রবেশ করে তাকে এলোপাতাড়ি মারধর করে। খবর পেয়ে খুলশী থানা পুলিশ জসিম উদ্দিনকে উদ্ধারের চেষ্টা চালালে উত্তেজিত ছাত্ররা পুলিশকেও ঘেরাও করে রাখে। পরে অতিরিক্ত পুলিশ এসে জসিম উদ্দিনকে উদ্ধার করে একটি ক্লিনিকে ভর্তি করে।
ইউএসটিসি সূত্র জানিয়েছে, গত মাসে অ-ছাত্রসুলভ আচরণের জন্য সালাউদ্দিন জনি, কামনাশীষ বড়ুয়া, মোমেন পালিতসহ আট ছাত্রকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত আট ছাত্রসহ মোট ৫০ জন ছাত্রের বিরুদ্ধে খুলশী থানায় মামলা করে ইউএসটিসি কর্তৃপক্ষ।
ইউএসটিসির পরিচালক কর্ণেল ইস্কান্দার বিডিনিউজকে জানিয়েছেন, বহিস্কৃত ছাত্ররা ও মামলার আসামী ছাত্ররা হাইকোর্ট থেকে জামিন নিয়ে এসে শনিবার এ হামলা চালিয়েছে।
ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করায় সিএমপি কর্তৃপক্ষকে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করার অনুরোধ জানানো হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা করা হয়নি। তবে, আহত জসিম উদ্দিন বাদী হয়ে থানায় মামলা করবেন বলে কর্ণেল ইস্কান্দার জানিয়েছেন।
