সরিষাবাড়িতে আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা
জামালপুর জেলার সরিষাবাড়ি থানার বাউসি এলাকায় শুক্রবার মধ্যরাতে দুষ্কৃতকারিরা আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা চালায়। এ ঘটনায় সংখ্যালঘু এই সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সূত্র জানায়, সরিষাবাড়ি বাজারের বাইরে বাউসি ইজারাপাড়া এলাকায় আহমদিয়ারা লন্ডন থেকে সরাসরি সম্প্রচারিত আন্তর্জাতিক আহমদিয়া কনভেনশন দেখতে শুক্রবার মধ্যরাতে স্থানীয় আমিরের বাড়িতে জড়ো হয়। এ সময় দুষ্কৃতকারিরা তাদের ওপর চড়াও হয়। ইসমাইল মাস্টার এবং ইসহাকের নেতৃত্বে হামলাকারিরা বেশ কযেকটি বাড়িঘর ভাংচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং লাঠিচার্জ করে হামলাকারিদের ছত্রভঙ্গ করে দেয়।
সরিষাবাড়ি আহমদিয়ার আমির শামসুদ্দিন মাস্টার টেলিফোনে বিডিনিউজকে বলেন, এ ঘটনায় স্থানীয় চেয়ারম্যান শামীম জড়িত থাকতে পারে। কেননা হামলাকারিরা ছিল তার নিজের লোক।
তিনি বলেন, স্থানীয় পুলিশ এ ঘটনায় কোনও মামলা গ্রহণ না করায় ছয় জনের নাম উল্লেখ করে থানায় জিডি করা হয়েছে।
কেন্দ্রীয় আহমদিয়া মিশনের মুখপাত্র তৌহিদুল ইসলাম বিডিনিউজকে বলেন, সারা দেশে আহমদিয়া বিরোধী প্রচারণার অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে।
