বিমানের ডিসি ১০ উড়োজাহাজ দুর্ঘটনার তদন্ত একমাসেও হলো না
চট্টগ্রামে বিমানের ডিসি ১০ উড়োজাহাজ দুর্ঘটনার কিনারা একমাসেও হয়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সিভিল এভিয়েশন ও বিমান কর্তৃপক্ষ দুটি তদন্ত কমিটি গঠন করলেও এর একটিও এখনো তাদের তদন্ত কাজ শেষ করতে পারেনি।
দুবাই থেকে আসা ২০০ যাত্রী নিয়ে বিমানের ডিসি ১০ উড়োজাহাজটি ১ জুলাই চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়। অল্পের জন্যে এর আরোহীরা প্রাণে রক্ষা পেলেও উড়োজাহাজটির ক্ষতি হয় মারাত্মক।
দুর্ঘটনার কারণ উদঘাটনে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এর পরিচালক (ফ্লাইট সেফটি) হাবিব উল্লাহর নেতৃত্বে গঠন করে একটি পাঁচ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। বিমানও ফ্লাইট ক্যাপ্টেন কাইয়ুমকে প্রধান করে আরেকটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে। এক মাসের মধ্যে তদন্ত কমিটি দুটির রিপোর্ট দেওয়ার কথা থাকলেও এখনো তারা কাজ গুছিয়ে উঠতে পারেনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সিভিল এভিয়েশন তদন্ত কমিটি একাধিকবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করে। ক্রুদের জিজ্ঞাসাবাদও করেছে কমিটি। এছাড়া ডিসি ১০ উড়োজাহাজটির ব্ল্যাক বক্স’র তথ্য ডিকোড করার জন্যে এটিকে আমেরিকায় পাঠানো হয়েছে। মার্কিন নিউ ট্রান্সক্রিপশন সিস্টেম বোর্ড (এনটিএসবি) নামক প্রতিষ্ঠানটি ব্লাক বক্স ডিকোড করলে এর তথ্য তদন্ত কাজে সহায়তা করবে বলে তাদের ধারণা। তবে তথ্য ডিকোড করার জন্যে আরো সময় প্রয়োজন।
আবার সিভিল এভিয়েশনের পাঁচ সদস্যের তদন্ত কমিটিতে কোনো যোগ্য ব্যক্তি না থাকায় এর গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে।
আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থার (আইকাও) নিয়ম অনুযায়ী, বিমান দুর্ঘটনার তদন্ত করার জন্যে সংশ্লিষ্টদের প্রযুক্তিগত উচ্চতর প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক। বাংলাদেশে এ প্রশিক্ষণের ব্যবস্থা না থাকায় বিদেশে ওই বিশেষ উচ্চতর প্রশিক্ষণ নিতে হয়।
অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ সিভিল এভিয়েশনের তদন্ত কমিটির সদস্যদেরতো বটেই, এমনকি কমিটি প্রধানেরও ওই প্রশিক্ষণ নেই। উপরন্তু উড়োজাহাজ এবং এর উড্ডয়ন সংক্রান্ত প্রযুক্তিগত বিদ্যাও এ কমিটির কারও নেই।
সূত্র মতে, গত তিন বছরে পর পর তিনটি উড়োজাজাজ দুর্ঘটনা তদন্তে সিভিল এভিয়েশন তথা বিমান মন্ত্রণালয় যে তদন্ত কমিটিগুলো গঠন করেছে, সেগুলোতেও কোনো যোগ্য ব্যক্তি ছিলো না।
বিমান কর্তৃপক্ষ আশা করছে, দুর্ঘটনা কবলিত ডিসি ১০ উড়োজাহাজটিকে ব্রিটিশ বীমা কোম্পানি লয়েড ডেভিড ইন্স্যুরেন্স পরিত্যক্ত বা স্ক্র্যাপ ঘোষণা করলে এর বীমা বাবদ লিজিং প্রতিষ্ঠান প্রায় ১৫ মিলিয়ন মার্কিন ডলার পাবে। উড়োজাজটির দাম হিসেবে ১০ মিলিয়ন ডলার তারা কেটে রাখলে বীমার টাকা থেকে বিমান কর্তৃপক্ষ পাবে পাঁচ মিলিয়ন ডলার। কিন্তু ওই বীমা সংস্থার পক্ষ থেকে এখনো সবুজ সংকেত পাওয়া যায়নি।
১ জুলাই চট্টগ্রামে ডিসি ১০ এবং ২০০৪ সালের ৮ অক্টোবর সিলেটে একটি এফ ২৮ উড়োজাহাজ দুর্ঘটনায় বিধ্বস্ত হওয়ার পর ফ্লাইট শিডিউল ঠিক রাখতে বিমানকে হিমশিম খেতে হচ্ছে। তারা দু/তিনটি উড়োজাহাজ সংগ্রহের চেষ্টা চলালেও এখনো বিষয়টির সুরাহা হয়নি।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোাহম্মদ নাছির উদ্দিন ও সিভিল এভিয়েশনের তদন্ত কমিটি প্রধান পরিচালক (ফ্লাইট সেফটি) হাবিব উল্লাহ দুজনই বিদেশে থাকায় এসব বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার কমোডর হারুন উর রশিদ মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
বিশ্বের তিনটি মহাদেশের ২৬টি দেশে এবং দেশের ভেতরে সাতটি গন্তব্যে বিমান আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালাচ্ছে। বিমানের বিমান বহরে এখন পাঁচটি ডিসি ১০, চারটি এয়ারবাস এবং চারটি এফ ২৮ সক্রিয় রয়েছে।
