২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার ভোলা জেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রতিরক্ষামূলক কাজ হাত নিয়েছে: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, সরকার নয় কোটি টাকা ব্যয়ে ভোলা জেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জরুরি প্রতিরক্ষামূলক কাজ হাতে নিয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2005, 04:13 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

বাস্তবায়নাধীন কাজের মধ্যে রয়েছে রিং বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্ত বাঁধে মাটি ভর্তি সিনথেটিক ব্যাগ, জিও টেক্সটাইল ও বাঁশের পাইলিং করা। এছাড়া অসম্পূর্ণ বাঁধ এবং ব্রীচ ক্লোজিংয়ের কাজও বাস্তবায়নের পরিকল্পনা সরকারের রয়েছে।

মন্ত্রী শনিবার জেলা সদরের তুলাতলী, বোরহানউদ্দিন উপজেলার হাকিম উদ্দিন, মলংছড়া, হাচান নগর ও লালমোহন উপজেলার চাচড়া ও ধলী গৌঢ়নগরের ভাঙ্গন কবলিত এলাকা ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শনকালে একথা বলেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

এসময় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দক্ষিণ অঞ্চলের প্রধান প্রকৌশলী আবুল কালাম মো. আজাদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শহীদুল ইসলাম, জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান এবং স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামত এবং ভাঙ্গন কবলিত বাঁধ রক্ষা করতে পাউবোকে নির্দেশ দেন।

জানা গেছে, উজান থেকে আসা বন্যার পানির ঢল এবং সমুদ্রের জোয়ারের উচ্চচাপের সাথে বাতাসে সৃষ্ট প্রবল ঢেউয়ের আঘাতে মেঘনার মোহনায় বিভিন্ন স্থানের বাঁধ মারাত্মকভাবে হুমকির সম্মুখীন। যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙ্গে জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত এবং ঘরবাড়ি ও সম্পদের ক্ষতি হতে পারে। মেঘনার তীরবর্তী ৪৫ কিলোমিটার বাঁধের ২৬ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুরো বাঁধের অধিকাংশ স্থান ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।