বাংলাদেশ সীমান্তে উন্নত প্রযুক্তির সেন্সর ও ফ্লাডলাইট বসাবে ভারত
অবৈধ অনুপ্রবেশ রোধে আসাম সংলগ্ন ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় ফ্লাডলাইট বসানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র থেকে উন্নত ধরনের সেন্সরসহ অন্যান্য নিরাপত্তা উপকরণ কেনারও চিন্তাভাবনা করছে তারা।
বার্তা সংস্থা আইএএনএস বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, সীমান্ত প্রহরার জন্য নিয়োজিত প্যারামিলিটারি বাহিনীর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অত্যাধুনিক ইলেক্ট্রনিক ডিভাইস কেনা হবে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ দল যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো গবেষণাগার পরিদর্শন করে। সান্দিয়া ন্যাশনাল গবেষণাগারের সেন্সর ডিভাইস অবৈধ অনুপ্রবেশ রোধে যুক্তরাষ্ট্রের সীমান্তে ব্যবহৃত হয়ে থাকে। বিশেষজ্ঞ দল একই ধরনের প্রযুক্তি বাংলাদেশ সীমান্তেও ব্যবহার করার সম্ভাবনা খতিয়ে দেখছে বলে ওই কর্মকর্তা জানান।
ভারত ও বাংলাদেশের চার হাজার ৯৫ কিলোমিটার সীমান্তের অর্ধেকের বেশি সীমানা ভারতের উত্তর-পূর্ব রাজ্য আসাম, ত্রিপুরা, মেঘালয় ও মিজোরামের সাথে সংযুক্ত।
উন্নত প্রযুক্তির যথাযথ ব্যবহার সীমান্তের নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করবে বলে মন্তব্য করেন অপর এক বিএসএফ কর্মকর্তা।
