২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভৈরবে সিলেটগামী ‘পারাবত এক্সপ্রেস‘ লাইনচ্যুত, ৫ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু

ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী ৭০৯ নং পারাবত এক্সপ্রেস শনিবার সকাল নয়টার দিকে ভৈরব স্টেশন অতিক্রম করে পয়েন্ট পার হওয়ার সময় হঠাৎ করে বিকট শব্দে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ভৈরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2005, 03:26 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

ট্রেন চালক বিষয়টি টের পেয়ে সাথে সাথে ট্রেনটি থামিয়ে দিলে অল্পের জন্যে হাজার হাজার যাত্রীর প্রাণ রক্ষা পায়।

এক ঘন্টা পর দুর্ঘটনা কবলিত বগিটি রেখে ট্রেনটি সিলেটের দিকে যাত্রা করে।

এ দুর্ঘটনার ফলে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রামসহ পূর্বাঞ্চলীয় জোনের সকল রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পাঁচ ঘন্টা পরে দুপুর আড়াইটার দিকে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়ে আসে।

জানা যায়, সকাল নয়টার দিকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ভৈরব স্টেশন অতিক্রমকালে সিগন্যালিং পয়েন্টে বিকট শব্দে লাইনচ্যুত হয়। পেছনের বগিটি লাইন থেকে আড়াআড়ি হয়ে গেলেও হুক না ছোটায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী এবং রেলওয়ে সূত্র জানায়, ভুল অপারেশনের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

এ ব্যাপারে ভৈরব রেলওয়ের নির্বাহি প্রকৌশলী বিডিনিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভুল অপারেশনই দুর্ঘটনার কারণ। অপারেশন ঠিকভাবে না হওয়ায় বগিটি টু ওয়ে হয়ে দুর্ঘটনায় পতিত হয়।

ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করলে আড়াইটার দিকে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়ে আসে। দুর্ঘটনার কারণে ঢাকাগামী আন্তঃনগর মহানগর প্রভাতি, জয়ন্তিকা, চাঁদপুর ও বাল্লা লোকাল, চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতি, কর্ণফুলি এক্সপ্রেস, কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগারসিন্ধুর এক্সপ্রেস, ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এসময় যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়।