২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরব থেকে প্রত্যাবর্তনের অপেক্ষায় ৪০০ অবৈধ বাংলাদেশী

সৌদি আরবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে আটককৃত ৪০০ বাংলাদেশী এখন দেশে প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2005, 07:18 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

বড় ধরনের অভিযান চালিয়ে আটককৃত ১৩০০ অবৈধ বাংলাদেশীকে ইতোমধ্যেই দেশে ফেরত পাঠানো হয়েছে। এরা সকলেই ভিসার মেযাদ শেষ করেও দেশটিতে াবস্থান করছিলো।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা টেলিফোনে বিডিনিউজকে জানান, বেশিরভাগ শ্রমিকই ওমরা বা হজ্ব পালন করতে এসে থেকে গেছেন। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সৌদি সরকার পরিচালিত অভিযানের সময় অন্যান্য দেশের নাগরিকের সাথে এদেরও আটক করা হয়। সৌদি সরকার সম্প্রতি ১৩০০ অবৈধ বাংলাদেশীকে দেশে পাঠিয়ে দিয়েছে। এর মধ্যে গত ২০ জুলাই ৬০০ জনকে দেশে পাঠানো হয়।

আরও ৪০০ শ্রমিক প্রত্যাবর্তনের অপেক্ষায় বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে অবস্থান করছে। কাজের সন্ধানে জায়গা জমি বিক্রি করে টাকা জুগিয়ে তারা সৌদি আরব পাড়ি দিয়েছিল।

তাদের প্রত্যেককে সৌদি আরবে আসার জন্য দালাল, ট্রাভেল ও রিক্রট এজেন্টদের প্রায় দেড় লাখ করে টাকা দিতে হয়েছে। ওমরা বা হজ্ব পালনের উদ্দেশ্যে অথবা ফ্রি শ্রমিক ভিসায় যাওয়া এ শ্রমিকদের সৌদি আরবে নিজের উদ্যোগে কাজ খুঁজে নিতে এবং তার স্পন্সরকে বার্ষিক একটা চাঁদা দিতে হয়েছে।

হজ্ব বা ওমরা পালনের উদ্দেশ্যে প্রতিবছর ৫০ হাজার বাংলাদেশী সৌদি আরব যায়।

সৌদির বিভিন্ন জেলায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত রিয়াদ প্রশাসন, রিয়াদ পৌরসভা, পুলিশ ও পাসপোর্ট বিভাগের কর্মকর্তাদের যৌথ অভিযানের এসময় এসব বাংলাদেশীদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে বাংলাদেশী ছাড়াও পাকিস্তানী, ভারতীয় ও শ্রীলংকান অধিবাসীরা রয়েছে। এদেরও সেদেশে অবস্থানের বৈধ কাগজপত্র ছিল না এবং এরা অবৈধ ব্যবসার সাথে জড়িত ছিল।