সাতক্ষীরায় মাছ চোরের হাতে ঘের মালিক নিহত
সাতক্ষীরার কালিগঞ্জে মাছ চোরের লাঠির আঘাতে বৃহস্পতিবার গভীর রাতে আবু বক্কর সিদ্দিক (২৫) নামে একজন ঘের মালিক ঘটনাস্থলে নিহত হয়েছে। ঘাতক রফিকুল ইসলামকে (২৭) এলাকাবাসি ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায, বৃহস্পতিবার রাতে কালিগঞ্জ উপজেলার মশরকাটি গ্রামে ঘের মালিক আবু বক্কর সিদ্দিক নিজেই মাছের ঘের পাহাড়া দিচ্ছিলেন। রাতে মাছ চুরি করতে আসা একই গ্রামের আবদুল মালেকের ছেলে রফিকুল ইসলামকে হাতে-নাতে ধরে ফেলে আবু বক্কর সিদ্দিক। এসময় রফিকুল ইসলাম নিজেকে ছাড়িয়ে নিতে হাতের লাঠি দিয়ে মাথায় আঘাত করলে আবু বক্কর সিদ্দিক ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পর পালাতে থাকা রফিকুল ইসলামকে এলাকাবাসি সন্দেহের বশে আটক করলে রফিক ঘটনার কথা স্বীকার করে। এলাকাবাসি গণধোলাই দিয়ে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
