তিস্তার ভাঙ্গনে হারিয়ে যাচ্ছে বিস্তীর্ণ জনপদ
গত ৩০ বছর ধরে তিস্তার করাল গ্রাসে লালমনিরহাট জেলার সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের চারটি গ্রামের প্রায় দুই হাজার পরিবার আবাদি জমিসহ বসতভিটা হারিয়েছে।
ইতোমধ্যে তিস্তা পাঙ্গাটারী সতী নদীর মুখ, তেলীটারী ও সরকারটারীসহ চারটি গ্রামের প্রায় তিন ভাগই নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
এদিকে, আদিতমারী উপজেলার মহিষখোচা, কালমাটি, গোবর্ধন, মহিষাশহর, কালীগঞ্জ উপজেলার কাকিনা, ভোটমারী, তুষভান্ডার, হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নে মোট ১৬৫৭৭.৮০ একর জমির মধ্যে ২২০০.৮৮ একর, গড্ডীমারী ইউনিয়নের ৫৮০৫.৮০ একর জমির মধ্যে ২৩৬০.৩২ একর, সিঙ্গিমারী ইউনিয়নের ৫৫৩১.৫৬ একর জমির মধ্যে ২২৬১.৬৬ একর, সিন্দুনা ইউনয়নের ৫৮০৮.৮৫ একর জমির মধ্যে ৩৯৪১.৪৩ একর ইতিমধ্যে তিস্তা গর্ভে বিলীন হয়ে গেছে।
এছাড়া, চারটি আদর্শ গ্রামের ৬৫০টি পরিবার, ১২৯টি কালভার্ট ও ব্রীজ, ৩২টি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।
এসব গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ ঠিকানাবিহীন হয়ে আশ্রয় নিয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ অথবা দূরের কোন গ্রামে।
ভাঙ্গন কবলিত এলাকার অসহায় মানুষগুলোর বিভিন্ন স্থানে গিয়ে আশ্রয় নেওয়ার সুযোগে এক শ্রেণীর অসাধু জনপ্রতিনিধি এবং স্বার্থন্বেষী বেসরকারি উন্নয়ন সংস্থা নদী গর্ভে বিলীন হয়ে যাওয়া গ্রামের নামে একের পর এক তৈরি করছে নানা ধরনের ভুয়া প্রকল্প। অধিকাংশ সময় মাঠ পর্যায়ে যাচাই না করে অনুমোদনের মাধ্যমে সেসব ভুয়া প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাত করছে।
এদিকে, তিস্তার ভাঙ্গনে জেলা সদরসহ পাঁচটি উপজেলার ৬২টি গ্রাম বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোন মুহুর্তে এসব গ্রামগুলো রাক্ষসী তিস্তা নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশংকা রয়েছে বলে জানা যায়।
