মোরশেদ-নটোবর আলোচনায় নিরাপত্তা ও পানি বন্টন ইস্যু প্রাধান্য পাবে
ভারতের পররাষ্ট্রমন্ত্রী নটবর সিং ৬-৭ আগস্ট দু’দিনে রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন।
সফরকালে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী নটবর সিং এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের মধ্যেকার আলোচনায় নিরাপত্তা ও পানি বন্টন ইস্যু অগ্রাধিকার পেতে পারে বলে জানিয়েছে একটি সূত্র।
দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যেকার বৈঠকটি ৬ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী অন্যান্য সিনিয়র নেতাদের সাথেও বৈঠক করবেন।
পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান এর আগে সাংবাদিকদের বলেছেন, নটোবর সিংযের এটি হবে একটি শুভেচ্ছা সফর। সফরকালে আমরা পারস্পরিক সহযোগিতার বিভিন্ন ইস্যু ছাড়াও দুদেশের সম্পর্কের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল ইস্যু নিয়েই মত বিনিময় করবে।
ভারতে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার ক্ষমতায় বসার পর সেদেশের কোনও মন্ত্রীর এটিই হতে যাচ্ছে প্রথম ঢাকা সফর।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভারতের স্থায়ী সদস্য পদে প্রার্থীতার বিষয়টিও আলোচনায় স্থান পেতে পারে। এছাড়াও দুদেশের মধ্যে অর্থনৈতিক সহোযোগিতা, যোগাযোগ ও সাংস্কৃতিক সম্পর্কের বিষয়সমূহ আলোচনায় স্থান পাবে।
নটবর সিংয়ের পর সেপ্টেম্বরে ভারতীয় বাণিজ্যমন্ত্রী কমল নাথ এবং অক্টোবরে পানি সম্পদ মন্ত্রী প্রিয় রঞ্জন দাস মুন্সির ঢাকা সফরের কথা রয়েছে।
এছাড়াও ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য বিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক ১-২ আগষ্ট ঢাকায় অনুষ্ঠিত হবার কথা রয়েছে। দুদেশের বাণিজ্য বৈষম্য, দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি ইত্যাদি পর্যালোচনা করা হবে এ বৈঠকে।
