ক্ষতাসীনরা নতুন ভোটার তালিকার পক্ষে
আগের ভোটার তালিকার সমস্যা দূর করতে ক্ষমতাসীন জোটের চারটি দলই বুধবার ভোটার তালিকা সংশোধনের পরিবর্তে নতুন ভোটার তালিকা তৈরির পক্ষে মত দিয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এমএ আজিজ ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে তিন দিনব্যাপী যে আলোচনার আয়োজন করেছেন, বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের শরিকদলগুলো আজ তাতে অংশগ্রহণ করে।
ভোটার তালিকা সম্পর্কে দলের মতামত ব্যক্ত করে বিএনপির কেন্দ্রীয় নেতা ও কৃষি মন্ত্রী এমকে আনোয়ার বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের পূর্বশর্ত হচ্ছে সঠিক ভোটার তালিকা।
তিনি বলেন, বর্তমান ভোটার তালিকা ছয় সাত বছর আগে করা। এখন আর এর বৈধতা ও যথাযথতা নেই এবং এটি পুরনো হয়ে গেছে।
নতুন ভোটার তালিকার প্রতি তার যুক্তি উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, বর্তমান ত্রুটিপূর্ণ ভোটার তালিকা সংস্কার করা হলেও তাতে ভুয়া ভোটার থেকে যাবে। এর ফলে আগামী সাধারণ নির্বাচন সুষ্ঠু হবে না।
সঠিক ভোটার তালিকা প্রণয়নের ওপর জোর দিয়ে তিনি তালিকা তৈরির পদ্ধতি বের করার জন্যে নির্বাচন কমিশনারের প্রতি অনুরোধ জানান।
এমকে আনোয়ার বলেন, নতুন ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে ইসির পূর্ণ ক্ষমতা রয়েছে। অবাধ ও সুষ্ঠুভাবে আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বিএনপির পক্ষে যা করা সম্ভব, তার সবকিছুই করবে বলে তিনি জানান।
তিনি বলেন, আমরা ইসিকে আশ্বস্ত করতে পারি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আমরা সবকিছুই করব। তিনি আরও বলেন, তারা নির্বাচনে জনগণের মতামত, আশা আকাক্সক্ষার প্রতিফলন দেখতে চান।
অসংখ্য রাজনৈতিক দলকে আলোচনায় আমন্ত্রণ জানানোয় আলোচনাটি প্রহসনে পরিণত হয়েছে কি-না, এমন প্রশ্নের জবাবে কৃষি মন্ত্রী বলেন, না, আমি তা মনে করি না।
মন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের কাছে দু’টি পথ রয়েছে। কমিশন তাদের মতো করে সিদ্ধান্ত নিতে পারে অথবা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারে। তারা চাচ্ছেন, শেষেরটি এবং এটি সঠিক বলে তিনি মন্তব্য করেন। কমিশন যদি কেবল বড় দলগুলোকে আমন্ত্রণ জানায় এবং অন্য দলগুলোকে বাদ দেয়, তবে তা ঠিক হবে না বলে তিনি মন্তব্য করেন।
আলোচনাকে কোনও কোনও রাজনীতিক প্রহসন বলে যে মন্তব্য করেছেন, তাতে বিভ্রান্ত না হওয়ার জন্যে তিনি জনগণের প্রতি আহ্বান জানান।
আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আব্দুল্লাহ আল-নোমান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী।
এ ধরনের আলোচনা আয়োজনের জন্যে নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানিয়ে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী বলেন, নতুন ভোটার তালিকা তৈরি করা দেশের জন্যে ভাল হবে।
নতুন ভোটার তালিকা তেরির প্রতি তার যুক্তি উপস্থাপন করে মন্ত্রী বলেন, ভোটার তালিকায় নাম ওঠানোর জন্য অনেক দরিদ্র ও মধ্যবিত্ত জনগণ দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে, আবার আগের তালিকায় নাম রয়েছে, এমন অনেকে মারাও গেছেন।
তাই সকল দিক বিবেচনা করে বিএনপি নতুন ভোটার তালিকা তৈরির পক্ষে মত দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
হারিছ চৌধুরী দেশের বৃহত্তর স্বার্থে নির্বাচন কমিশনারকে তার পূর্ণ ক্ষমতা প্রয়োগের আহ্বান জানান।
চার দলীয় জোটের অন্যতম বৃহৎ শরিক জামায়েতে ইসলামী নতুন ভোটার তালিকা ও ভোটার পরিচয়পত্র চালুর প্রতি মত দেয়। তবে আগামী নির্বাচনেই এটি করা অত্যাবশ্যক নয় বলে তারা উল্লেখ করেন।
জামায়েতের অন্যান্য নেতাদের মধ্যে আব্দুস সোবহান এমপি, মকবুল আহমেদ, মোহাম্মদ কামারুজ্জামান, এটিএম আযহারুল ইসলাম আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দায়সারা গোছের আলোচনার আয়োজন এবং নাম সর্বস্ব দলকে আলোচনায় আমন্ত্রণ জানানোর জন্যে সংবাদপত্র ও অন্যান্য গণমাধ্যম যে সমালোচানা করছে, তার জবাবে জামায়েত নেতারা বলেন, প্রত্যেকের এটি গণতান্ত্রিক দৃষ্টিকোন থেকে দেখা উচিত।
তিনি বলেন, একটি বহুদলীয় গণতান্ত্রিক দেশে অনেক ছোট অথবা বড় রাজনৈতিক দল থাকতে পারে। সুতরাং আপনি তাদের অবজ্ঞা করতে পারেন না।
একতরফা কোনও সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তিনি নির্বাচন কমিশনারকে সতর্ক করে দেন। তার মতে এ ধরনের সিদ্ধান্ত নিলে তা জনগণের মধ্যে কমিশন সম্পর্কে নেতিবাচক ধারণা জন্ম নিতে পারে।
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সাধারণ সম্পাদক সাইফুর রহমানও নতুন ভোটার তালিকা তৈরির পক্ষে তার মত দেন।
