২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সীমান্ত ও পরিবহন বিষয়ক আন্ডার সেক্রেটারির সাথে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সীমান্ত ও পরিবহন বিষয়ক আন্ডার সেক্রেটারি র‌্যাডে বিয়ার্ডসওয়ার্থ বুধবার ওয়াশিটনে এক বৈঠকে মিলিত হন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2005, 02:45 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

বৈঠকে সন্ত্রাস বিরোধী যুদ্ধে বাংলাদেশকে সহায়তা ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আন্ডার সেক্রেটারিকে বলেন, বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা তার মন্ত্রণালয়ের একটি অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়। বৈঠকে বাংলাদেশ উপকূল রক্ষীদের আধুনিকায়ন এবং বন্দর নিরাপত্তা উন্নয়নে মার্কিন সহায়তার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান। র‌্যান্ডে বিয়ার্ডসওয়ার্থ দেশের আইন-শৃঙ্খলার পরিস্থিতির উন্নয়নের প্রশংসা করেন। এছাড়া মার্কিন আন্ডার সেক্রেটারি আইন শৃঙ্খলা বাহিনীর দক্ষতা উন্নয়নে সব ধরণের সহায়তা দেওয়ার আশ্বাস দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পরে রিপাবলিকান কংগ্রেস আয়োজিত ভোজসভায় যোগ দেন। কংগ্রেস সদস্য ও বাংলাদেশ ককাসের রিপাবলিকান কো-চেয়ার মার্ক কিক, কংগ্রেস সদস্য ও ডেমোক্রেটিক কো-চেয়ার জোসেফ ক্রাউলি, কংগ্রেস সদস্য জিম ম্যাকডারমট ভোজসভায় অংশ নেন। এসময় ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শমসের মোবিন চৌধুরীসহ বাংলাদেশ প্রতিনিধিদলের অন্য সদসরা উপস্থিত ছিলেন। ককাস সদস্যরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের নিশ্চয়তা দেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যাসাচুসেটস থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য জন এফ টিয়ার্নে ও বার্নি ফ্রাঙ্কের সাথে ক্যাপিটল হিলে এক বৈঠক করেন। বৈঠকে তিনি দেশে সংঘটিত সকল হত্যাকাণ্ড বিশেষ করে আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়া হত্যাকাণ্ডের স্বচ্ছ তদন্ত ও অপরাধীদের শিগগির আইনের কাঠগড়ায় দাঁড় করাতে সরকারের দৃঢ় অঙ্গিকারের কথা পুনর্ব্যক্ত করেন।