অর্থের অভাবে বৃহত্তর চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের কাজ থমকে আছে
প্রয়োজনীয় অর্থের সংস্থান না হওয়ায় বৃহত্তর চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ প্রকল্পের (তৃতীয় পর্যায়) কাজ থমকে গেছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র জানিয়েছে, ২০০০-২০০১ অর্থবছরে কাজ শুরু হওয়া ৮৭০ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটি সম্পন্ন হওয়ার কথা ছিলো ২০০৬ সালের জুন মাসে। কিন্তু এখন পর্যন্ত পাওয়া গেছে মাত্র ৫২৮ কোটি টাকা। প্রকল্প পরিচালক এএইচ এম আমিনুল ইসলাম বিডিনিউজকে জানিয়েছেন, প্রকল্পের কাজ ৬০ শতাংশ শেষ হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের সময়সীমা ২০০৭ সাল পর্যন্ত সম্প্রসারণের চিন্তাভাবনা চলছে। তবে অবশিষ্ট অর্থ না পাওয়া গেলে প্রকল্পের কাজ সঠিক সময় সম্পন্ন করা সম্ভব হবে না।
১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করার লক্ষ্যে পিডিবি ৮৭০ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে বৃহত্তর চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের কাজ হাতে নেয়।
পিডিবি সূত্রে জানা গেছে, অর্থের সংস্থান না হওয়ায় দীর্ঘ দশ বছর প্রকল্পটির বাস্তবায়ন কাজ শুরু করা যায়নি। শেষ পর্যন্ত কুয়েতের অর্থ সহায়তায় ২০০০-২০০১ সালে পাঁচবছর মেয়াদী প্রকল্পের কাজ শুরু হয়।
প্রকল্প ব্যয়ের জন্য বৈদেশিক মুদ্রার প্রয়োজন ধরা হয়েছে ৩২২ কোটি টাকা। স্থানীয় মুদ্রা ব্যয় হবে ৫৪৮ কোটি টাকা। বৈদেশিক মুদ্রার মধ্যে কুয়েত ইতোমধ্যে ২১৬ কোটি সরবরাহ করেছে। বাংলাদেশ সরকার দিয়েছে স্থানীয় মুদ্রায় ৩১২ কোটি টাকা।
পিডিবি জানায়, প্রকল্পের ৫১টি অংশের মধ্যে দু-একটি ছাড়া কোন অংশেরই কাজ শেষ হয়নি। প্রকল্পের মধ্যে শুধু তিনটি ৩৩/১১ কেভি সাব স্টেশন নির্মাণ কাজ শেষ করে চালু করা হয়েছে এবং বিভিন্ন শিল্পকারখানার ৭১০টি ১১ কেভি লাইনের ইলেক্ট্রনিক মিটার স্থাপন করা হয়েছে।
নির্মাণ কাজ শেষ হলেও তিনটি গ্রিড সাব স্টেশন শুধু এডজয়নিং যন্ত্রপাতির অভাবে চালু করা যাচ্ছে না।
প্রকল্পের অধীনে চট্টগ্রাম অঞ্চলের ৪০টি সাব-স্টেশনের ২৮টি মেরামত ও সম্প্রসারণ করা প্রয়োজন।
পিডিবি জানিয়েছে, ২৮টি পুরাতন সাব স্টেশন মেরামত ও সম্প্রসারণ কাজ শেষ করতে কমপক্ষে দু বছর সময় লাগবে। প্রকল্পের জন্যে কুয়েত ফান্ড থেকে আরও ১০০ কোটি টাকা পাওয়ার আশ্বাস পাওয়া গেলেও সরকারি সহযোগিতার অভাবে তা পাওয়া যাচ্ছে না। এছাড়া প্রকল্প খাতে সরকারের যে পরিমাণ অর্থ সহায়তার দেওয়ার কথা ছিলো তাও সময়মত দিচ্ছে না। ২০০৪-২০০৫ অর্থবছরে প্রকল্পের জন্যে সরকারের কাছে ১২০ কোটি টাকা চাওয়া হলেও পাওয়া গেছে মাত্র ৪০ কোটি টাকা। এর আগের অর্থবছরে সরকার দিয়েছে মাত্র ৪৮ কোটি টাকা।
