২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরেন্দ্র অঞ্চলে মুগ চাষে অধিক লাভ

“মুগ চাষে সচ্ছলতা আসে” এই শ্লোগান সামনে রেখে বরেন্দ্র অঞ্চলের রুক্ষ জমিতে মুগ কলাই চাষ করে সহজেই সচ্ছলতা আনা সম্ভব।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2005, 10:48 AM

Updated : 26 Apr 2022, 05:55 PM

অল্প খরচে অসময়ে পতিত জমিতে মুগ চাষ করা যায়। মুগ ডাল মানুষের যেমন রসনা তৃপ্ত করে তেমনি গরুর খাদ্য জোগায় এবং জমির উর্বরতা বৃদ্ধি করে।

বরেন্দ্র অঞ্চলে সাধারনত একবার ফসল হয়। আমন ধান উঠে যাওয়ার পর হাজার হাজার হেক্টর জমি পতিত পড়ে থাকে। খুব কম জমিতেই গম, ছোলা, মটর আবাদ করতে দেখা যায়। কিন্ত এসব জমিতে উফসী জাতের মুগ চাষে ফলন ভাল হয় এবং কৃষক অধিক আর্র্থিক লাভবান হয়।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অসীম মালাকার বলেন, সোনামুগ আমাদের দেশে আগে উৎপাদিত হতো বছরে একবার। দেশের চাহিদার কথা বিবেচনা করে কৃষি গবেষণা বিভাগ হাইব্রীড জাতীয় মুগ উদ্ভাবন করেছে। এ জাতীয় মুগ বপন করে ৬০/৭০ দিনের মধ্যে ফসল ঘরে তোলা যায়।

জমি থেকে আমন ধান কাটার পর গম চাষ করেও সেই জমিতে মুগের চাষ করা যায়। আবার কেউ গম চাষ না করে পরপর দু’বার মুগ চাষ করতে পারে। ধান চাষে যে পরিমাণ পানি ও সার লাগে মুগ চাষ অনেক কমে করা যায়। কোন সারের প্রয়োজন হয় না। মুগ গাছের পাতা এবং শিকড় থেকেই জমিতে সারের প্রয়োজন মেটায়।

মুগের ডাল আমিষ জাতীয় খাদ্য। এছাড়া মুগ গাছ ও মুগের ভূষি গরুর জন্য একটি উপাদেয় ও উপকারী খাদ্য। মুগ চাষ বাড়লে রাসায়নিক সার ব্যবহারের প্রবণতা কমবে এবং মাটির প্রাকৃতিক উর্বরতা বাড়বে।

এক বিঘা জমিতে মুগ হয় কমপক্ষে ৩ মন, যার বাজার মূল্য সাড়ে ৩ হাজার টাকারও বেশী। অথচ মুগ চাষে এক বিঘা জমিতে খরচ হয় মাত্র ৫০০ টাকা।

অসময়ে বাড়তি ফসল এবং আয়ের জন্য মুগ চাষের বিকল্প নেই। কৃষি কর্মকর্তা মালাকার বাজারে মুগের চাহিদার পরিসংখ্যান দিতে না পারলেও জানান যে, প্রাণ কোম্পানীর মুগ ডালের চাহিদার পরিমান বছরে এক হাজার ৮০০ মেট্রিক টন। বাংলাদেশে বর্তমানে উৎপাদিত মুগ ডাল চাহিদা পূরণ করতে না পারায় বিদেশ থেকে আমদানী করতে হয়।

বরেন্দ্র অঞ্চলে হাজার হাজার হেক্টর পতিত জমিসহ বাংলাদেশের অন্যান্য পতিত জমিতে মুগ চাষ করলে একদিকে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে অন্যদিকে ডালের চাহিদাও পূরণ হবে। লাভবান হবে বরেন্দ্র অঞ্চলের লাখ লাখ কৃষক। বাঁচবে পরিবেশও।