২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুর দুয়ার থেকে ফিরেও চরমপন্থি লাল সামাদ নিখোঁজ

অবশেষে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন একাধিক হত্যা মামলার আসামি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল) নেতা আব্দুস সামাদ ওরফে লাল সামাদ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2005, 10:06 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

মুক্তিযোদ্ধা লাল সামাদ গত ২১ জুলাই নওগাঁ কারাগার থেকে একটি হত্যা মামলায় জামিনে মুক্তি পান। কিন্তু ওই দিনই তিনি অপহৃত হন। বুধবার তাকে অপহরণকারীরা মুক্তি দিয়েছে বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানায়।

তবে মুক্তি পাওয়ার পরও লাল সামাদ ও তার পরিবারের কোনও খোঁজ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অপহরণকারীদের নির্দেশ অনুযায়ী সামাদ তার পরিবারসহ আত্মগোপন করেছে।

গত ২১ জুলাই লাল সামাদ অপহৃত হওয়ার পর তার পরিবার থেকে দাবি করা হয়েছিল, র‌্যাব ক্রসফায়ারে মারার জন্য তাকে ধরে নিয়ে গেছে। সাত দিন পর লাল সামাদকে রাজশাহীর বাসায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ায় প্রশ্ন দেখা দিয়েছে কারা, কি উদ্দেশ্যে তাকে অপহরণ করেছিল। তবে র‌্যাব রাজশাহী সদর দপ্তর শুরু থেকেই সামাদকে অপহরণের অভিযোগ অস্বীকার করে আসছে।

বুধবার লাল সামাদের খোঁজে গিয়ে দেখা যায়, রাজশাহীতে তার ভাড়া বাড়িতে কেউ নেই। অন্যদিকে বাগমারা উপজেলায় তার রাইসেন পাড়ার বাড়িতেও তালা ঝুলছে।

সামাদ বাগমারা উপজেলা বিএনপি’র নেতা মরু হামিদ হত্যা মামলার আসামি। বাগমারার কথিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে লাল সামাদকে গত ২১ জুলাই সরকারি একটি গোয়েন্দা সংস্থা অপহরণ করেছিল বলে পার্টির এক সূত্র জানায়। ওই সূত্র দাবি করে, সামাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের জন্যই তাকে অপহরণ করা হয়।