২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিতদের জীবনবীমা থাকা উচিত: তরিকুল ইসলাম

পরিবেশ ও বনমন্ত্রী তরিকুল ইসলাম বলেছেন, সুন্দরবনে ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত লোকদের পরিবারের ভবিষ্যৎ অবলম্বন হিসেবে জীবনবীমা থাকা উচিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2005, 04:04 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

বুধবার বন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সুন্দরবনের বাওয়ালী-মৌয়ালি ও মৎস্যজীবীদের আর্থিক নিরাপত্তা সংক্রান্ত এক বৈঠকে সভাপতিত্ব কালে তিনি বলেন, সুন্দরবনে প্রাকৃতিক সম্পদ আহরণের মাধ্যমে জীবন-জীবিকা নির্বাহে জড়িত বাওয়ালী, মৌয়ালি ও মৎস্যজীবীরা প্রতিনিয়ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ জীবন অতিবাহিত করছে।

সুন্দরবনে ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত লোকদের জীবনবীমার ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্য বনমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শ দিয়েছেন।

বৈঠকে জানানো হয়, সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ আহরণের ওপর প্রায় এক লাখ লোক নির্ভরশীল। বনে পেশাগত কাজ করতে গিয়ে এরা প্রায়ই বাঘ ও সাপের আক্রমণে মৃত্যুবরণ করে।

সুন্দরবনে জীবন-জীবিকার সাথে সম্পৃক্ত স্থানীয় লোকদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য দুই হাজার লোককে সহজ শর্তে বীমার আওতায় আনা হয়েছে বলে বৈঠকে জানানো হয়। এদের মধ্যে পাঁচ জনের মৃত্যুর দাবি পরিশোধ করা হয়েছে এবং আরও ছয়টি দাবি অপরিশোধিত রয়েছে।

এ বীমার আওতায় বার্ষিক একশ টাকা প্রিমিয়াম দিয়ে বার্ষিক পঁচিশ হাজার টাকা বীমা সুবিধা নিশ্চিত করা হয়।

বৈঠকে অন্যান্যের মধ্যে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, সচিব জাফর আহমেদ চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা এবং সাধারণ বীমা ও সন্ধানী বীমা কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।