মাসিক ভিত্তিতে যৌথভাবে এডিপি পর্যালোচনা করবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়
পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয় এখন থেকে যৌথভাবে ত্রৈমাসিকের পরিবর্তে মাসিক ভিত্তিতে বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করবে।
পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় মঙ্গলবার এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভার একটি সূত্র জানায়, এডিপি’র পর্যালোচনা কার্যক্রমে অর্থ মন্ত্রণালয়কে অন্তর্ভূক্ত করায় উভয় মন্ত্রণালয়ের পারস্পরিক সমন্বয় আরো জোরদার হবে।
বৈঠকে গত অর্থ বছরের সংশোধিত এডিপি এবং চলতি অর্থ বছরের এডিপি পর্যালোচনা করা হয়। এছাড়াও বৈঠকে দারিদ্র নিরসন কৌশলপত্র চূড়ান্তকরণ, এবং মধ্য মেয়াদী বাজেট কাঠামোয় (এমটিবিএফ) বাজেট বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়।
এর আগে পরিকল্পনা মন্ত্রণালয় একা ত্রৈমাসিক ভিত্তিতে এডিপি পর্যালোচনা করতো। যা তহবিল ছাড় দেয়ার ক্ষেত্রে মাঝেমধ্যেই অর্থ মন্ত্রণালয়ের সাথে ভুলবোঝাবুঝির কারণ হযে দাঁড়াতো।
গত সোমবার এমটিবিএফ’র এক বৈঠকে অর্থমন্ত্রী বলেছিলেন, গত অর্থ বছরের শেষ চার/পাঁচ দিনে কোন একটি মন্ত্রণালয় চার হাজার কোটি টাকা খরচ করেছে, কিভাবে দেশের জনগণের টাকা নষ্ট করা হচ্ছে এটি তার প্রকৃত উদাহরণ।
অর্থসচিব জাকির আহমেদ খান বলেন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় খুবই জরুরি। এডিপি’র মাসিক পর্যালোচনা পরিস্থিতির উন্নতি ঘটাবে, বললেন তিনি।
