২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন মন্ত্রীর দায়ের করা মানহানি মামলায় এনায়েতুর রহিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আইন মন্ত্রীর দায়ের করা মানহানি মামলায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এম এনায়েতুর রহিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2005, 06:08 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

আইন মন্ত্রী মওদুদ আহমদ মঙ্গলবার ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন। সাবেক ছাত্রদল নেতা ও বর্তমানে বিএনপির সুইডেন শাখার সভাপতি মহিউদ্দিন আহমেদ জিন্টুর বহুল আলোচিত ফাঁসির আদেশ মওকুফের ব্যাপারে আইন মন্ত্রীকে জড়িয়ে এনায়েতুর রহিমের দেওয়া একটি লিখিত বিবৃতিতে ক্ষুব্ধ হয়ে এ মামলা করা হয়।

দণ্ডবিধির ৫০০/৫০১ ধারার মামলায় বাদি বলেন, গত সোমবার এনায়েতুর রহিম অ্যাসোসিয়েশনের প্যাডে সমিতিরি কোনও সিদ্ধান্ত ছাড়া বিভিন্ন সাংবাদিকের কাছে সরাসরি ও বিভিন্ন দৈনিকে প্রকাশের জন্যে ফ্যাক্সযোগে একটি লিখিত বিবৃতি পাঠান। এতে বলা হয়, দণ্ডপ্রাপ্ত ওই আসামির ফাঁসির আদেশ মওকুফ প্রক্রিয়ার সাথে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী বিভিন্ন সংবাদপত্রে যে বিবৃতি দিয়েছেন, তা অসত্য এবং বাস্তবতা বিবর্জিত। এ ধরনের বিবৃতি দিয়ে তিনি নিজের দায় এড়াতে পারেন না। এনায়েতুর রহিমের বিবৃতিতে আরও বলা হয়, বিতর্কিত সাজা মওকুফের আগে মওদুদ সুইডেন যান এবং জিন্টুর আতিথেয়তা গ্রহণ করেন। যা সেখানকার প্রবাসী বাংলাদেশীদের সকলেই জানেন। এর কিছুদিন পর জিন্টু দেশে আসেন এবং আত্মসমর্পণ করেন এবং তারপরই তার সাজা মওকুফ করে দেওয়া হয়। ফাঁসির সাজা মওকুফ প্রক্রিয়া মূলত সুইডেন থেকেই শুরু হয়। এ লিখিত বিবৃতি প্রথম আলো , যুগান্তরসহ বিভিন্ন দৈনিকে ছাপা হয়।

বাদি দুই পত্রিকা, লিখিত বিবৃতি এবং তার ফ্লাইট সিডিউলের কপি আদালতে দাখিল করেন এবং জানান, তিনি জিন্টুকে ব্যক্তিগতভাবে চেনেন না এবং তার সাথে কখনো দেখা অথবা সুইডেনে তার আতিথেয়তাও গ্রহণ করেননি।

জিন্টু সামরিক আদালতের রায়ের বিরুদ্ধে ঢাকা মহানগর আদালতে আত্মসমর্পণ করেন এ বছরের ৩ জানুয়ারি। অথচ সুইডেনে একটি কনফারেন্সে যোগদানের জন্যে তিনি সুইডেন যান ২০ এপ্রিল এবং ফেরেন ২৫ এপ্রিল। বাদি আদালতে বলেন, এনায়েতুর রহিম উদ্দেশ্যমূলকভাবে জাতীয় ও আন্তর্জাতিকভাবে তাকে হেয় করার জন্যে এ মিথ্যা বক্তব্য সম্বলিত লিখিত বিবৃতি বিভিন্ন দৈনিকে পাঠিয়েছেন।

মওদুদ আহমদ বলেন, জিন্টুর মামলায় আইন মন্ত্রণালয় কোনরকম রাজনৈতিক হস্তক্ষেপ করেনি। মওদুদ আরও বলেন, তার মন্ত্রণালয়ের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোন দ্বন্দ্বও নেই।

মহানগর হাকিম মো. মিজানুর রহমান বাদির বক্তব্য শুনে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির অদেশ দেন।

৩১ জুলাই মামলাটির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।