২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার জ্বালানি ব্যয় কমিয়ে আনার উপায় খুঁজে বের করবে

আগামী ছয় মাসের মধ্যে জ্বালানি ব্যয় কমিয়ে আনার লক্ষ্যে ডিজেলের অতিরিক্ত আমদানি নির্ভরতা এড়িয়ে যাওয়ার ব্যাপারে সরকার কার্যকর উপায় খুঁজে বের করার পরিকল্পনা হাতে নিয়ে নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 09:19 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

জ্বালানি বিষয়ক উপদেষ্টা মাহমুদুর রহমান বলেন, জ্বালানি ব্যয় কমিয়ে আনার উপায় খুঁজে বের করতে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি এ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনবে।

সোমবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সাথে তার কার্যালয়ে বৈঠক শেষে মাহমুদুর রহমান সাংবাদিকদের ব্রিফিংকালে জানান, কিছুদিনের মধ্যে জ্বালানির মূল্য বৃদ্ধির কোনও সম্ভাবনা নেই।

বৈঠকে জ্বালানি খাতের দুর্নীতি দূরীকরণ, গ্যাসের অপচয় রোধ এবং ই গভর্নেন্স বাস্তবায়নের বিষয়েও অর্থমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে বলে তিনি জানান।

বর্তমানে বাংলাদেশ বছরে ৩৭ লাখ মে. টন জ্বালানি ক্রয় করে থাকে। এর মধ্যে ডিজেল ২৩ লাখ মে.টন. কেরোসিন ছয় লাখ মে. টন এবং বাকি আট লাখ মে. টন পেট্রল ও অকটেন।

তিনি বলেন, প্রতি তিন মাসে ৫০ হাজার মে. টন জ্বালানি ব্যবহার কমিয়ে আনা সম্ভব হলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বেঁচে যাবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহমুদুর রহমান বলেন, সরকারি ও বেসরকারি খাতে গ্যাস বিলের বকেয়া সম্পর্কে তিনি জানার চেষ্টা করে যাচ্ছেন। আগামী ১৫ আগস্টের মধ্যে মোট বকেয়া সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। সরকার বিভিন্ন সরকারি অফিস ও মন্ত্রণালয়ের কাছ থেকে আটশ’ ৩০ কোটি টাকার বকেয়া আদায় করেছে এবং বেসরকারি খাত থেকে আদায় করেছে আরও সাতশ’ কোটি টাকা।