পৃথক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ২২ জন আহত, ঢাকা-আরিচা সড়কে ৬ ঘন্টা যানজট
দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় গত ২৪ ঘন্টায় সাতজন নিহত এবং ২২ জন আহত হয়েছে।
অন্যদিকে, ঢাকা-আরিচা মহাসড়কে একটি ট্রাক উল্টে গেলে সেখানে প্রায় ছয় ঘন্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। সৃষ্টি হয় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজট।
বিডিনিউজ’র মানিকগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা আরিচা মহাসড়কের বাথলি বাসস্ট্যান্ডে ভোর চারটার দিকে ঢাকাগামি একটি কাঁচামাল ভর্তি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাঁচামাল ভর্তি ট্রাকটি উল্টে গিয়ে মহাসড়কে আড়াআড়িভাবে পড়ে যায়। ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। এসময় হাজার হাজার মানুষ দুর্ভোগের শিকার হলেও হাইওয়ে ও ধামরাই থানা পুলিশকে যানজট নিরসন করতে ঘটনাস্থলে দেখা যায়নি। স্থানীয় জনগণের প্রচেষ্টায় ট্রাকটি সরিয়ে নেওয়ার পর আবার যানবাহন চলাচল শুরু হয়।
মানিকগঞ্জ প্রতিনিধি আরও জানান, ঢাকা-আরিচা মহাসড়কে ধলেশ্বরী সেতুর কাছে একটি যাত্রীবাহি বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইউসুফ আলী নামে একজন সাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত এবং ১০ জন বাস আরোহী আহত হয়। সাতক্ষীরা থেকে ঢাকাগামি হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে আরিচাগামি ট্রাকের এ সংঘর্ষ ঘটে।
নিহত ইউসুফ আলীর বাড়ি মানিকগঞ্জের দেড়গ্রামে। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মানিকগঞ্জে অপর এক দুর্ঘটনায় অজ্ঞাত এক মহিলা মারা গেছে। জেলার ঝিটকা হরিরামপুর সড়কে দিয়াবাড়ী নামক স্থানে বাসের চাকায় পিষ্ট হয়ে ওই মহিলা মারা যায়।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, শিবগঞ্জের মনাকষা-বিনোদপুর সড়কের রসুলচকের কাছে একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট-১১-০৯৫৫) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং ১২ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে।
শিবগঞ্জ থানার ওসি জানান, নিহতরা হচ্ছে বিনোদপুর ইউপির খোন্দা কামাত গ্রামের মমতাজ আলী (৪৮), আরশাদ আলী (৪৬) ও পবন (৩৯)। এরা নির্মাণাধীন বিনোদপুর-কানসাট সড়কে শ্রমিকের কাজ করে কানসাট আসছিল। ঘটনার পর ট্রাকের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।
ময়মনসিংহ প্রতিনিধি জানান, সোমবার বেলা সাড়ে তিনটায় শহরের কেবি ইসমাইল রোডের কাচারীঘাট মোড়ে একটি বাসের ধাক্কায় জোহরা খাতুন (৮) নামে এক শিশু ঘটনাস্থলে নিহত হয়েছে। পুলিশ জানায়, স্থানীয় রাধাসুন্দরী বালিকা বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী জোহরা স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি যাত্রীবাহি বাস (বগুড়া-জ-০৪-০০৮২) তাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় জনতা ৪/৫টি বাস ভাংচুর করে এবং সড়ক অবরোধ করে রাখে। এক ঘন্টা পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ বাসটি আটক করেছে এবং এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।
নীলফামারী প্রতিনিধি জানান, রোববার রাতে সৈয়দপুর বিশ্বরোডের আসমতিয়া মাদ্রাসার কাছে নৈশ কোচের চাপায় এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। দ্রুতগামী একটি নৈশকোচ রিকশা চালক ফজলুল হককে (৬৫) চাপা দিয়ে পালিয়ে গেলে সে আহত হয়। মুমূর্ষ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে গভীর রাতে তার মৃত্যু হয়। নিহত রিকশাচালকের বাড়ি সৈয়দপুর শহরের ইসলামবাগ মহল্লায় বলে জানা গেছে। ফজলুল হকের পুত্র শাহিন সোমবার এ ব্যাপারে সৈয়দপুর থানায় মামলা করেছে।
