ঢাকায় জ্বালানি বিষয়ক দক্ষিণ এশীয় সাংবাদিকদের বৈঠক শুরু
নগরীর শেরাটন হোটেলে মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী জ্বালানি বিষয়ক দক্ষিণ এশীয় সাংবাদিকদের বৈঠক শুরু হচ্ছে।
ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট (ইউএসএআইডি) এবং সাউথ এশিয়া রিজিওনাল ইনিশিয়েটিভ ফর এনার্জির সৌজন্যে ইউএস এনার্জি এসোসিয়েশন এ বৈঠক পরিচালনা করবে।
বাংলাদেশ এনার্জি রিপোটার্স ফোরাম (এফইআরবি) আয়োজিত এ বৈঠকে বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকার প্রায় ৫০ জন সাংবাদিক অংশ নেবেন।
বৈঠকের উদ্বোধনী দিনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বক্তৃতা করবেন। বৈঠকে অন্যতম প্রধান আলোচ্যসূচির মধ্যে থাকবে জ্বালান বিষয়ক দক্ষিণ এশীয় সাংবাদিকদের জন্য ফোরাম গঠন।
এছাড়াও ‘দক্ষিণ-পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ জ্বালানি ইস্যু, ডেসকো ও বাংলাদেশের বিদ্যুৎ খাতের উন্নয়ন এবং বৈশ্বিক জ্বালানি তথ্য নিয়ে বিশেষজ্ঞরা আলোচনা করবেন।
বৈঠকে অংশগ্রহণকারী সকল দেশ ‘দক্ষিণ এশিয়ার বিদ্যুৎ খাত সম্পর্কিত গুরুত্বপূর্ণ ইস্যুগুলো’ উপস্থাপন করবে। অন্যদিকে এফইআরবি এবং ফোরাম ফর এনার্জি জার্নালিস্টস অব নেপাল (এফইজেওএন) তাদের নিজস্ব প্রতিষ্ঠান সম্পর্কিত নির্ধারিত বিষয়গুলো উপস্থাপন করবে।
এ সময়ের মধ্যে বৈঠক অংশগ্রহণকারীরা এফইআরবি কার্যালয়, এনার্জি অ্যান্ড পাওয়ার ম্যাগাজিন, ঢাকায় ডেসকোর কাস্টমার আউটলেট, গ্যাস সেক্টর ‘এসসিএডিএ’ এবং আশুগঞ্জ বিদ্যুৎ স্টেশন ও তিতাস গ্যাস ফিল্ড পরিদর্শন করবেন।
