চাঞ্চল্যকর অস্ত্র উদ্ধার মামলা : আদালতে হাজী সোবহানের আত্মসমর্পন
চট্টগ্রামের চাঞ্চল্যকর অস্ত্র উদ্ধার মামলায় অভিযুক্ত প্রধান পাঁচ আসামীর অন্যতম হাজী মোহাম্মদ সোবহান রোববার আদালতে আত্মসমর্পণ করেছেন।
চার্জশিটভুক্ত মোস্ট ওয়ান্টেড আসামী হাজী সোবহানকে জেল হাজতে পাঠানো হয়।
এই মামলায় অভিযুক্ত ৪৩ জনের মধ্যে ৩৩ জনকে পুলিশ গ্রেফতার করে। এদের মধ্যে ১৯ জন জামিনে মুক্তি পায়।
হাজী সোবহান বহুল আলোচিত অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহনকারী মাছ ধরার নৌকা ‘এফবি আমানত’ এর মালিক।
২০০৪ সালের ১ এপ্রিল সিইউএফএল জেটিতে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আটক হবার পর থেকে হাজী সোবহান পলাতক ছিলেন।
তিনি রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আনোয়ার হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। কিন্তু আদালত জামিনের আবেদন না-মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
