২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিপাহী বিদ্রোহ উদ্যাপন ভারত, বাংলাদেশ ও পাকিস্তানকে আরও কাছে টানবে

ইতিহাসের উজ্জ্বল অধ্যায় ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ উদ্যাপন উপমহাদেশের দেশগুলোর মধ্যে ঘনিষ্টতা আরও বাড়িয়ে তুলবে। ইতিহাসের উজ্জ্বলতম এই ঘটনার ১৫০ তম বার্ষিকী ভারত, বাংলাদেশ ও পাকিস্তান একযোগে উদ্যাপন করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 08:53 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

১৮৫৭ সালের ১০ মে বিদ্রোহী সিপাহীরা তৎকালীন ব্রিটিশ সেনাবাহিনীর প্রকাশ্য বিরোধীতা করে। ওই বিদ্রোহের মাধ্যমেই ভারতে প্রথম স্বাধীনতার ডাক দেওয়া হয়। উপমহাদেশের তিনটি দেশের অভিন্ন ইতিহাস একযোগে উদ্যাপনের লক্ষ্যে বাংলাদেশ ও পাকিস্তান ভারতের আয়োজিত অনুষ্ঠানে যোগ দিচ্ছে বলে শুক্রবার ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়।

টাইম নিউজ নেটওয়ার্ক সূত্র জানায়, সিপাহী বিদ্রোহ উদ্যাপন উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে প্রধান করে উদ্যাপন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জয়পাল রেড্ডি জানান, সিপাহী বিদ্রোহ উদ্যাপনের এ প্রস্তুতি কমিটিতে শীর্ষস্থানীয় মন্ত্রী ও রাজনীতিক দলের নেতারাসহ বিশিষ্ট ব্যক্তিদের সদস্য হিসেবে রাখা হয়েছে।

আগামী ২০০৭ সালে সিপাহী বিদ্রোহের ১৫০ তম বার্ষিকী জাঁকজমকের সাথে উদ্যাপনে বিস্তারিত কর্মসূচি প্রণয়নের জন্য মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী অর্জুন সিংকে প্রধান করে অনুষ্ঠানের মন্ত্রী পর্যায়ের একটি দল গঠন করা হয়েছে।

বর্তমানে উপমহাদেশের তিনটি অংশে বসবাসকারী নতুন প্রজন্মের কাছে উপমহাদেশের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা ও সাম্রাজ্যবাদ বিরোধী অতীতের ঐতিহ্য সম্পর্কে তাদের অবহিত করার ব্যাপারে জোর দেওয়া হয়েছে।

সিপাহী বিদ্রোহের চরম পর্যায়ে বিদ্রোহীরা মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরকে শাসক হিসেবে ঘোষণা করে এবং দিল্লিতে হাতির ওপর চড়ে তারা উপনিবেশবাদীদের বিরুদ্ধে যুদ্ধে সফলতা লাভের জন্য হিন্দু ও মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়।

টাইম নিউজ নেটওয়ার্কের রিপোর্টে বলা হয়েছে, পারস্পরিক বিদ্বেষ ও সীমান্তের বিচ্ছিন্ন সংঘর্ষ এড়িয়ে তিনটি দেশ আরও ঘনিষ্ট হবে বলে উৎসব উদ্যাপন উপলক্ষ্যে আশা করা হচ্ছে।

এদিকে, এ ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হলে জানা যায়, ভারতীয় প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং প্রথমে বিষয়টি তার এক বক্তব্যে উত্থাপন করেন। পরবর্তীতে সরকার এ ব্যাপারে মনোযোগ দেয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ভারতের পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে তাদের কিছু জানানো হয়নি।