২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলটিটিই সদস্য সন্দেহে গ্রেপ্তারকৃত ভারতীয় নাগরিক মাইতি জেল হাজতে

ভারতীয় নাগরিক হাকসন সুরত মাইতিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 07:53 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

এলটিটিই সদস্য সন্দেহে গ্রেপ্তারকৃত মাইতিকে বৃহস্পতিবার পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হলে থানা হাজতের লোহার গেটে মাথা ঠুকে সে আত্মহত্যার চেষ্টা করে।

ফলে রিমান্ড শেষ হওয়ার নির্ধারিত সময়ের আগেই তাকে রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে নিয়ে আসা হলে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মজিবর রহমান মাইতিকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

তবে থানা হাজতে রিমান্ডে থাকাকালে সে আত্মহত্যার চেষ্টা করার কারণে তার বিরুদ্ধে আত্মহ্যার চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। স্পর্শকাতর মামলা হওয়ায় তাকে শনিবার রাত সাড়ে ১১টার দিকে ক্যান্টনমেন্ট থানায় পাঠানো হয়।

শনিবার থেকে যৌথ ইন্টারোগেশন সেলে তাকে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল। ক্যান্টনমেন্ট থানার বাথরুমের লোহার দরজায় সে হঠাৎ মাথা ঠুকতে শুরু করে বলে পুলিশ প্রতিবেদনে বলা হয়। একই থানা হাজতের অপর হাজতী রফিক এ আত্মহত্যা চেষ্টার মামলায় রোববার মহানগর হাকিম ননীগোপাল বিশ্বাসের খাসকামরায় প্রত্যক্ষ সাক্ষী হিসেবে জবানবন্দি দেয়।

হাকসন সুরত মাইতিকে প্রথমে সিএমএইচ ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি করা হয়। আদালত সূত্রে জানা যায়, মাইতির আত্মহত্যা চেষ্টার মামলাটি রহস্যজনক। পুলিশ নির্যাতন করে মাইতিকে আহত করে। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্যে পুলিশ তার বিরুদ্ধে এ আত্মহত্যা চেষ্টার মামলা করেছে।