২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবধূ শিরিনকে যৌতুকের জন্যে হত্যা করা হয়েছে: সংবাদ সম্মেলনে নিহতের বাবা

গৃহবধূ শিরিন আক্তারকে যৌতুকের জন্যে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকরা একমাত্র শিশুপুত্রের সামনে গলাটিপে হত্যা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 03:50 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

শুধু তাই না, নৃশংস এ হত্যাকাণ্ডকে তারা আত্মহত্যা বলে চালানোর জন্যে ডাক্তারকে ঘুষ দিয়ে মিথ্যা পোস্টমর্টেম রিপোর্টও তৈরি করিয়েছে।

এ অভিযোগ নিহত গৃহবধূ শিরিনের পিতা আবুল হোসেনের।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে রোববার হত্যাকাণ্ডের একমাত্র প্রত্যক্ষদর্শী নিহতের সাড়ে তিন বছরের শিশুপুত্র রিজভীকে নিয়ে সাংবাদ সম্মেলনে এসেছিলেন ১৮৬/১৪, তেজকুনিপাড়া নিবাসী আবুল হোসেন।

তিনি অভিযোগ করেন, আমার নাতি রিজভীর চোখের সামনে তার বাবা তার মাকে গলা টিপে হত্যা করেছে।

সংবাদ সম্মেলনে নিহতের পিতা আবুল দাবি করেন, রিজভী তাদের কাছে হত্যাকাণ্ডের বিবরণ দিতে দিতে গিয়ে বলেছে, ‘আব্বু আমার আম্মুর গলা টিপে ধরে’।

তিনি আরও অভিযোগ করেন, আমার মেয়ের খুনীদের কাছ থেকে টাকা নিয়ে ময়নাতদন্তকারী দলের নেতা প্রভাবিত হয়ে মিথ্যে রিপোর্ট দিয়েছেন।

আবুল হোসেন তার মেয়ের লাশের পুনঃময়না তদন্ত দাবি করেন।

তিনি বলেন, ১৯৯৮ সালে ২৬৬, দক্ষিণ কাফরুলের শহীদ উদ্দিন আহম্মেদের সঙ্গে আমার কন্যা শিরিনের বিয়ে হয়।

তিনি অভিযোগ করেন, বিয়ের পর থেকেই যৌতুকের জন্যে আমার মেয়ের ওপর নির্যাতন চলতে থাকে। মেয়ের ওপর নির্যাতনের কথা শুনে আমি শহীদকে কয়েক দফায় চার লাখ টাকা যৌতুক দিয়েছি।

তিনি বলেন, ২৩ জুন আমার মেয়েকে গলাটিপে হত্যার পর তারা এটাকে আত্মহত্যা বলে প্রচারণা চালায়। মেয়ের লাশ দেখতে গেলে তার শ্বাশুড়ী তাহেরা খাতুন আমাকে জানায়, আমার মেয়ে নাকি সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

এ ঘটনায় নিহতের ভাই হোসেন আহম্মদ অভি বাদি হয়ে কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

কাফরুল থানা পুলিশ নিহতের স্বামী শহীদকে গ্রেফতার করেছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নিহতের মা মমতাজ বেগম, খালা আলেয়া ফেরদৌস এবং বোন সালমা আক্তার।