২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ভারতীয় জুরিদের প্রতিনিধিদল

আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এবং প্রাসঙ্গিক আইন নিয়ে আলোচনার জন্য ইন্ডিয়ান কাউন্সিল অব জুরিস্টস (আইসিজে)-এর ১১ সদস্যের এক প্রতিনিধিদল শনিবার পাঁচ দিনের সফরে ঢাকায় এসে পৌছেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2005, 10:23 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন আইসিজে’র আহবায়ক আদিশ সি আগারওয়ালা। এছাড়া প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন, ভারতীয় সুপ্রীমকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কেএন সাইকা, এমআরটিপি কমিশনের সাবেক চেয়ারম্যান এএন দিবেকা, অলইন্ডিয়া বার এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান এস প্রভাকরন, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব ও হরিয়ানা এবং মধ্য প্রদেশ বার কাউন্সিল এবং গুজরাত ও গৌহাটি বার এসোসিয়েশনের প্রতিনিধিবর্গ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ প্রতিনিধি দলটি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ বার কাউন্সিলের আমন্ত্রণে সফরে এসেছে।

ঢাকায় আসার পূর্বে সি আগারওয়ালা ভারতের দৈনিক দি হিন্দু’র সাথে এক সাক্ষাৎকারে বলেছেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ প্রতিরোধে বর্তমান আইনগুলোর কিছু পরিবর্তন দরকার।

সূত্র জানায়, বাংলাদেশ বার কাউন্সিলের সহসভাপতি ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ শনিবার ঢাকা ক্লাবে ভারতীয় প্রতিনিধিদলের সম্মানে নৈশভোজের আয়োজন করেন।

সফররত প্রতিনিধিদলটি বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, এটর্নি জেনারেল, পররাষ্ট্র, স্বরাষ্ট্র এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীসহ বিভিন্ন বার এসোসিয়েশনের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করবেন।

আইসিজে’র প্রতিনিধি দলটি ২৪ জুলাই সিলেট এবং ২৫ জুলাই চট্টগ্রাম সফর করবেন। ২৬-২৭ জুলাই ঢাকায় অবস্থানের পর ২৮ জুলাই তারা ঢাকা ত্যাগ করবেন।