প্রধানমন্ত্রী আগামী ১৭ আগস্ট চীন যাচ্ছেন
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী ১৭ আগস্ট চারদিনের এক সরকারি সফরে চীন যাচ্ছেন।
প্রধানমন্ত্রীর এ সফর সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী এম. মোর্শেদ খান শনিবার সাংবাদিকদের বলেন, দুদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৩০ বছর উদযাপন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী এ সফর করছেন। চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের সফরের জবাবে তিনি এ সফরে যাচ্ছেন।
চীনের প্রধানমন্ত্রী গত এপ্রিলে বাংলাদেশ সফরে আসেন। তার এ সফরের সময় দু’ দেশ বন্ধুত্বপূর্ণূ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধির ব্যাপারে ঐকমত্যে পৌঁছেন।
অন্যদিকে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রিয়াজ রহমান শুক্রবার বেইজিংয়ে চীনা নেতা এবং সিপিপিসিসি’র (ন্যাশনাল কমিটি অব চাইনিজ পিপল’স পলিটিকাল কনসালটেটিভ কনফারেন্স) চেয়ারম্যান জিয়া কিংলিনের সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের সময় চীনা নেতা গত ৩০ বছরে দু’ দেশের মধ্যকার সম্পর্কের বিষয়টি পর্যালোচনা করে বলেন, শীর্ষ পর্যায়ের সফর কর্মসূচির মাধ্যমে দু’ দেশের মধ্যে পরস্পরের প্রতি রাজনৈতিক আস্থা বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, চীন বাংলাদেশের সাথে ঐকমত্যের ভিত্তিতে কাজ করতে আগ্রহী। চীন বিশেষত অর্থনীতি ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট সহযোগিতা আরও বাড়াতে চায়।
রিয়াজ রহমান বলেন, বাংলাদেশ সরকার চীনের সাথে তাদের সম্পর্কের বিষয়টিকে বেশ গুরুত্ব প্রদান করে থাকে এবং তাইওয়ান ও তিব্বত বিষয়ে চীনকে সমর্থন করে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়গুলো নিষ্পত্তির ব্যাপারে উন্নয়নশীল দেশগুলোর স্বার্থে চীনের সাথে তাদের নিবিড় সম্পর্ক অটুট রাখতে চায় বাংলাদেশ।
