গঙ্গা ও পদ্মা নদীর সকল পয়েন্টে পানি বৃদ্ধি, ব্রক্ষ্মপুত্র ও যমুনায় হ্রাস পেয়েছে
আগামী ২৪ ঘন্টায় কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধাসহ উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির বন্যা উন্নতি হতে পারে। অন্যদিকে বৃহত্তর পূর্ব ময়মনসিংহ এবং বৃহত্তর পশ্চিম সিলেট তথা দেশের উত্তর পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কিকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) সূত্র জানায়, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জের আশেপাশের নিচু এলাকার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে।
এফএফডব্লিউসি সূত্র আরও জানায়, গঙ্গা ও পদ্মা নদীর পানি সকল পয়েন্টে বাড়লেও আরিচা ছাড়া ব্রক্ষ্মপুত্র ও যমুনা নদীর সকল পয়েন্টে পানি কমেছে।
মেঘনা অববাহিকার বিভিন্ন নদ-নদীতে পানি বৃদ্ধি এবং হ্রাস পেলেও দক্ষিণ পূর্ব পার্বত্য অববাহিকায় নদ-নদীর পানি হ্রাস পেয়েছে।
পর্যবেক্ষণ করা মোট ৮৬ টি পয়েন্টের মধ্যে ৩৫ টি পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে, হ্রাস পেয়েছে ৪১ টি পয়েন্টে এবং চকরহিমপুরে করতোয়ায়, ডেমরার বালু নদীতে, ভাগ্যকূল ও গোয়ালন্দে পদ্মা নদীতে, কানাইঘাটে সুরমায়, আমলশিদ ও শেওলায় কুশিয়ারায়, জারিয়াজঞ্জালে কংশ এবং চাঁদপুরে মেঘনা নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ব্রক্ষ্মপুত্র অববাহিকায় একমাত্র চকরহিমপুরে করতোয়া ও ডেমরার বালু নদী ছাড়া সকল নদ-নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
নুনখাওয়ায় ব্রক্ষ্মপুত্র ও যমুনা নদীর পানি ১৪ সেন্টিমিটার, চিলমারিতে ৯ সে.মি., বাহাদুরাবাদে ১১ সে.মি. এবং সিরাজগঞ্জে ৫ সে.মি. হ্রাস পেয়েছে। কিন্তু একই সময়ে আরিচা ঘাটে ৮ সে.মি. বৃদ্ধি পেয়েছে।
চকরহিমপুরে করতোয়া নদীতে পানি ১০ সে.মি. হ্রাস পেলেও তা এখনও বিপদসীমার ৫৭ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জামালপুরে পুরনো ব্রক্ষ্মপুত্র নদীর পানি ৪ সে.মি. হ্রাস পেলেও কিন্তু ময়মনসিংহে তিন সে.মি. বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ঢাকায় বুড়িগঙ্গা নদীর পানি ৪ সে.মি হ্রাস পেয়েছে।
ডেমরায় বালু নদীর পানি ৮ সে.মি. বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩৪ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে মিরপুরে তুরাগ নদীর পানি ২ সে.মি বৃদ্ধি পেয়েছে।
গঙ্গা অববাহিকার ভাগ্যকূল ও গোয়ালন্দে পদ্মা ছাড়া সকল নদ-নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গোয়ালন্দে ও ভাগ্যকূলে পদ্মার পানি বিপদসীমার ওপর দিয়ে যথাক্রমে ২৬ সে.মি. ও ২১ ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানখায় গঙ্গা ও পদ্মা নদীর পানি ১৮ সে.মি., রাজশাহীতে ৯ সে.মি., হার্ডিঞ্জ সেতুতে ১৫ সে.মি. গোয়ালন্দে ২ সে.মি., ভাগ্যকূলে ৩ সে.মি.বৃদ্ধি পেয়েছে।
মেঘনা অববাহিকার কানাইঘাটে সুরমায়, আমলশিদ ও শেওলায় কুশিয়ারায়, জারিয়াজঞ্জালে কংশ এবং চাঁদপুরে মেঘনা নদী ছাড়া সকল নদ-নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
কানিঘাটে সুরমা নদীর পানি ১৭ সে.মি., সিলেটে ৮ সে.মি. এবং সুনাম গঞ্জে ১০ সে.মি. হ্রাস পেলেও কানিঘাটে এখনও বিপদসীমার ৫০ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
কুশিয়ারা নদীর পানি আমলশিদে ২৫ সে.মি., শেওলায় ১৩ সে.মি. হ্রাস পেলেও শেরপুরে কিছুটা বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমলশিদে ও শেওলায় এখনও বিপদসীমার যথাক্রমে ১৮ ও ১৭ সে.মি.ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জারিয়াজঞ্জালে কংশ নদীর পানি ১৬ সে.মি. হ্রাস পেলেও এখনও বিপদসীমার ১১৭ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং চাঁদপুরে মেঘনা নদীর পানি ৫ সে.মি. বৃদ্ধি পাওয়ায় এখন বিপদসীমার ৫ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এফএফডব্লিউসি সূত্র আরও জানায়, গত ২৪ ঘন্টায় (শনিবার সকাল ৯ টা পর্যন্ত) ব্রক্ষ্মপুত্র অববাহিকার কয়েক স্থানে হালকা এবং এক স্থানে ভারি বর্ষণ, গঙ্গা ও দক্ষিণপূর্ব পার্বত্য অববাহিকার কয়ে স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং মেঘনা অববাহিকার বেশিরভাগ স্থানে মাঝারি থেকে ভারি এবং দু’এক স্থানে ভারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এ সময়ে মানু রেলওয়ে সেতুতে ৮২ মি.মি., কানিঘাটে ৭১ মি.মি., জামালপুরে ৬৯ মি.মি. মৌলভীবাজার ও ভৈরব বাজারে ৪৫ মি.মি. এবং শেওলায় ৪১ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
