২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি, নদী ভাঙ্গন শুরু

উত্তরবঙ্গে বন্যা কবলিত গাইবান্ধা জেলার বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। শুক্রবার জেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এদিকে শেরপুর সিরাজগঞ্জ, নওগাঁ ও নীলফামারীর পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2005, 09:41 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

বন্যা পূর্বাভাস ও সতর্কি করণ কেন্দ্র (এফএফডব্লিউসি) জানায়, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারি জেলার বিদ্যমান বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে। অন্যদিকে নেত্রকোনা ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।

শুক্রবার এফএফডব্লিউসি পূর্বাভাসে জানা যায়, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জের আশেপাশের নিচু এলাকার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকবে।

বিডিনিউজ কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কুড়িগ্রাম জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর প্রলংকারি ভাঙ্গন এবং নীলফামারী জেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

এছাড়া জয়মনি, হলোখানা, সারডোব, ঠুঠাপাইকর, বড়াইবাড়ি, হাতিয়া, থেথরাই, বিদ্যানন্দ, উত্তরবারবান্দা, বালূরগ্রাম, গয়টাপাড়া, সাহেবের আলগা, নামাজের চর, বিক্রিবিল, ঘুঘুমারি, দিগলাপাড়া, কাটিয়ামারী, বালিয়ামারী এলাকায় ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে।

গত ২৪ ঘন্টায় এসব এলাকায় দেড়শতাধিক পরিবার তাদের ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের কোনও কার্যক্রম নেই বলে অভিযোগ করেছে এলাকাবাসী।

তিস্তা, বুড়িতিস্তা, চাড়ালকাটা, বুড়িখোড়া, কুমলাই, ধুম, নাউতারা, চিকলিসহ নীলফামারী জেলার ১০টি প্রধান নদ-নদীর পানি শুক্রবারও দু’কুল ছাপিয়ে প্রবাহিত হয়েছে। তিস্তা অববাহিকার কালিগঞ্জ জিরো পয়েন্ট থেকে গঙ্গাচড়ার আলমবিদিতর পর্যন্ত দীর্ঘ এক’শ কিলোমিটার এলাকা থেকে বানের পানি কিছুটা নেমে গেলেও প্রায় ৩০ হাজার মানুষের দুর্ভোগ চরমে উঠেছে।

বানের পানিতে তলিয়ে থাকা নলকুপের পানি পান করে শত শত নারী-পুরুষ-শিশু ডায়রিয়াসহ নানা পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে পড়েছে।

বিডিনিউজ গাইবান্ধা প্রতিনিধি জানান, উজানের ঢল এবং অব্যাহত বৃষ্টির পানিতে নদীর তীর ভেসে যাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি জেলার সার্বিক বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে।

গাইবান্ধা-দিনাজপুর মহাসড়ক এখনও পানির নিচে ডুবে আছে। গত চারদিন ধরে উভয় জেলার মধ্যে যোগাযোগ বন্ধ রয়েছে। তিন কিলোমিটার সড়কের অনেক জায়গা বন্যার পানির তোড়ে ভেসে গেছে।

বিডিনিউজ নীলফামারী প্রতিনিধি জানান, জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলার হাজার হাজার মানুষ পানিবন্দি খাবার ও পানীয় জলের কষ্টে ভুগছে। সব কিছু ভেসে যাওয়ায় প্রায় পাঁচ হাজার বন্যা কবলিত মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে।

অন্যদিকে ডায়রিয়া ও অন্যান্য পানি বাহিত রোগ দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। ডায়রিয়া পরিস্থিতির অবনতির কারণে শুক্রবার থেকে আরো দু’টি মেডিকেল টিম মাঠে নেমেছে। বর্তমানে জেলার ছয়টি উপজেলায় ৭২টি মেডিকেল টিম কাজ করছে। ডায়রিয়ায় গত কয়েকদিনে জেলায় কমপক্ষে তিনজন মারা গেছ। বন্যা কবলিত এলাকার প্রায় ১০ হাজার মানুষ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েছে।

বিডিনিউজ নওগাঁ প্রতিনিধি জানান, জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে আতরাই নদীর পানি কিছুটা পেলেও তা এখনও বিপদ সীমার নিচে রয়েছে।