২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মহাসমাবেশে অংশ নেবেন ৩০০০ আইনজীবী

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে ২৯ জুলাই অনুষ্ঠিতব্য বিরোধী দল সমর্থক আইনজীবীদের মহাসমাবেশকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (এসএএসপি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2005, 07:31 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সূত্র জানায়, মহাসমাবেশে তিন হাজার আইনজীবী যোগ দেবেন বলে পরিষদের নেতারা আশা করছেন।

সূত্র জানায়, ড. কামাল হোসন, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও ড. এম জহিরসহ দেশের শীর্ষ আইনজীবীরা মহাসমাবেশে অংশ নেবেন। মহাসমাবেশে সভাপতিত্ব করবেন পরিষদের আহ্বায়ক ব্যারিস্টার এম আমির-উল ইসলাম।

এসএএসপি’র সদস্য সচিব অ্যাডভোকেট সুব্রত চৌধুরী শুক্রবার বিডিনিউজকে বলেন, ২৯ জুলাই আইনজীবীদের মহাসমাবেশে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি বলেন, দেশের সকল আইনজীবী সমিতি ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের অঙ্গ সংগঠনকে মহাসমাবেশে যোগদানের আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা অংশগ্রহণের ব্যাপারে সম্মতি জানিয়েছেন।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মহাসমাবেশকে সামনে রেখে সরকার সমর্থক আইনজীবীরা পাল্টা কোনও কর্মসূচি দেবেন না বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০০৩ সালের এপ্রিলে অনুষ্ঠিত সুুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মহাসমাবেশের দিন সরকার সমর্থক আইনজীবীরা তাৎক্ষনিকভাবে পাল্টা কর্মসূচি দিয়েছিলেন।

বিএনপি’র আইন সচিব ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নেতা অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, বিরোধী দল সমর্থক আইনজীবীদের মহাসমাবেশ আয়োজনে কোনও বাধা নেই।

তিনি বলেন, আমরা পাল্টা কোনও কর্মসূচির ব্যাপারে এখনও কিছু ভাবিনি।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল জানান, তারা নীতিমালা ও আইন অনুযায়ীই আগাবেন।

তিনি বলেন, আদালত প্রাঙ্গণে আন্দোলন করার ব্যাপারে হাইকোর্টের আদেশ রয়েছে এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীরা হাইকোর্টের এ আদেশ পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি তাদের চলমান আন্দোলনের সমর্থন আদায়ের লক্ষ্যে ১৯ জুলাই বিভিন্ন সংবাদপত্রের সম্পাদকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে।

মতবিনিময় সভায় অংশ নেয়া সম্পাদকরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আন্দোলন ও ২৯ জুলাই সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মহাসমাবেশের প্রতি সংহতি প্রকাশ করেন।