গঙ্গা এবং পদ্মার সকল পয়েন্টের পানি বৃদ্ধি অব্যাহত
দেশের কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা এবং সিলেট জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে এবং সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
শুক্রবার বন্যা পূর্বাভাস ও সতর্কতা কেন্দ্র জানায়, ঢাকা ও আশপাশের নিম্নাঞ্চল, নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
গঙ্গা ও পদ্মা নদীর পানি সকল পয়েন্টেই বৃদ্ধি পেয়েছে এবং আরিচা পয়েন্ট ছাড়া ব্রহ্মপুত্র ও যমুনা নদীর সকল পয়েন্টে পানি কমেছে। মেঘনা অববাহিকার সকল নদীর পানি বেড়েছে এবং দক্ষিণ পূর্ব পার্বত্য অববাহিকার নদীগুলোর পানি কমেছে।
৮৬টি পর্যবেক্ষণ পয়েন্টের মধ্যে ৩৪টি পয়েন্টে পানি বেড়েছে, ২৯ টি পয়েন্টে কমেছে, চারটি পয়েন্টে পানি অপরিবর্তিত রয়েছে এবং আটটি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ঢাকার বুড়িগঙ্গার পানি ৫ সেন্টিমিটার এবং ডেমরার বালুতে পানি নয় সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে যা বিপদসীমার ২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গঙ্গা অববাহিকায় গঙ্গা ও পদ্মা নদীর পানি পাংশায় ১৬ সেন্টিমিটার, রাজশাহীতে ১৪ সে.মি মিটার, হার্ডিঞ্জ ব্রীজে ১৮ সে.মি, গোয়ালন্দতে ৬ সে.মি এবং ভাগ্যকুলে চার সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং নদীগুলোর পানি গোয়ালন্দ পয়েন্টে ২৪ সেন্টিমিটার ও ভাগ্যকূল পয়েন্টে ১৮ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মেঘনা অববাহিকায় সুরমার পানি কানাইঘাট পয়েন্টে কিছুটা বৃদ্ধি পেয়েছে। কিন্তু সিলেটে অপরিবর্তিত রয়েছে। এ নদীর পানি আবার সুনামগঞ্জ পয়েন্টে ছয় সেন্টিমিটার কমেছে। এ পরিস্থিতিতে নদীর পানি কানাইঘাটে ৬৭ সেন্টিমিটার এবং সুনামগঞ্জে নয় সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
কুশিয়ারার পানি আমলসিধে অপরিবর্তিত রয়েছে এবং শেওলা পয়েন্টে এক সেন্টিমিটার ও শেরপুরে সাত সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় নদীর পানি আমলসিধে ৪৩ সেন্টিমিটার এবং শেওলা পয়েন্টে ৩০ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কংস নদীর পানি ২০ সেন্টিমিটার হ্রাস পেলেও জারিয়াঞ্জল পয়েন্টে ১৩৩ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়া বন্যা পূর্বাভাস ও সতর্কতা কেন্দ্র জানায়, ব্রহ্মপুত্র অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, গঙ্গা অববাহিকার অনেকাংশে মাঝারি ধরনের বৃষ্টিপাত, মেঘনা অববাহিকা এবং দক্ষিণ-পূর্ব পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবার সিলেটে ৭৮ মিলিমিটার, রংপুরে ৪৯ মিলিমিটার, পঞ্চগড়ে ৩১ মিলিমিটার, দিনাজপুরে ২৯ মিলিমিটার এবং সুনামগঞ্জ ও শেরপুরে ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
