পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু
পঞ্চগড় জেলার সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের জিয়াবাড়ি গ্রামে শুক্রবার পল্লী বিদ্যুৎ সমিতির নতুন লাইন সংযোগের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১৩ জন আহত হয়।
নিহতরা হলেন-জিয়াবাড়ি গ্রামের জামালউদ্দিনের ছেলে আব্দুল মতিন (২৪) ও মিন্টুর ছেলে শাহীন (২২)।
এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের ভুলের কারণে নির্মম এই ঘটনাটি ঘটেছে।
আহতরা বর্তমানে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতদের মধ্যে দুজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানায়, শুক্রবার সকালে পল্লী বিদ্যুৎ সমিতির ঠাকুরগাঁস্থ সেতু ইঞ্জিনিয়ারিং নামের ঠিকাদারি প্রতিষ্ঠান পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক গাজিমউদ্দিনের একটি চাল মিলে নতুন সংযোগ প্রদানের জন্য জিয়াবাড়ি গ্রামে যায়। মিল সংলগ্ন এলাকায় পোল স্থাপনের কাজ করার সময় মাটি আলগা হয়ে পোলটি উপড়ে ১১ কেভি লাইনে পড়লে ওই লাইনের তার ছিড়ে পার্শ্ববর্তী জমিতে পড়ে। এসময় মিলের পাশের জমিতে কর্মরত প্রায় ১৫ জন কৃষক বিদ্যুতায়িত হয়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে মাইক্রোবাস যোগে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করে।
পঞ্চগড় পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম এসএম মোজাম্মেল হক জানান, নিয়মানুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান নতুন সংযোগের ক্ষেত্রে স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতি অফিসে এসে বিদ্যুৎ লাইন বন্ধ করার অনুমতি নিয়ে কাজ শুরু করবে। সংযোগ বন্ধ না করে কাজ শুরু করাতেই নির্মম এ দুর্ঘটনাটি ঘটে।
