কুড়িগ্রামে অবরুদ্ধ ও নির্যাতিত কিশোরী উদ্ধার
কুড়িগ্রাম জেলার রাজার হাটে প্রায় দুই মাস ধরে কথিত স্বামীর বাড়িতে অবরুদ্ধ এবং শারীরিক নির্যাতনের শিকার এক কিশোরীকে পুলিশ স্থানীয় মহিলা পরিষদ নেতৃবৃন্দের সহায়তায় উদ্ধার করেছে।
বর্তমানে ওই কিশোরী রাজার হাট মহিলা পরিষদের সভানেত্রী কল্পনা বেগমের জিম্মায় রাজারহাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, তিন একর জমির লোভে চাকিরপশার ইউনিয়নের রতিরাম কমল ওঝা গ্রামের মৃত আকবর আলীর কন্যা লাইজুকে (১৩) তার চাচা খোকা মিয়া একই গ্রামে বসবাসকারী তার বোনের ছেলে আব্দুল খালেকের (২২) সঙ্গে বিয়ে দেন, জোরপূর্বক একটি সাদা কাগজে সই নিয়ে । মাস দুয়েক আগে তার চাচা তাকে মারধর করে জোর করে তার কথিত স্বামীর বাড়িতে রেখে আসে। লাইজু খালেকের সাথে ঘর সংসার করতে অস্বীকার করলে তাকে নির্যাতন করা হতো। পরে তাদের জমি লিখে দেয়ার কথা অস্বীকার করলে তাকে ঘরে অবরুদ্ধ রেখে নির্যাতন চালানো হয়। এমনকি তাকে ঠিকমত খাবার দেয়া হতো না।
পরে লাইজুর মা স্থানীয় মহিলা পরিষদের সভানেত্রীকে এ সব ঘটনার কথা জানালে কল্পনা বেগম বৃহস্পতিবার পুলিশের সহযোগিতায় লাইজুকে উদ্ধার করেন।
এ বিষয়ে বিয়ের কাজি নুর ইসলাম মিয়া জানান, বিয়ে আসলে হয়নি। সাদা কাগজে স্বাক্ষর নিয়ে বিয়ে পড়ানো হয়েছিল, কিন্তু পরে তা বাতিল করে দেওয়া হয়।
এ প্রসঙ্গে জেলা মহিলা পরিষদের সভানেত্রী অধ্যাপিকা শামসুন্নাহার সানু বলেন, চাকিরপশার ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল এর মাধ্যমে সালিশ করে এর সম্মানজনক সমাধানের চেষ্টা করা হচ্ছে। এতে কাজ না হলে আইনের আশ্রয় নেয়া হবে।
