২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কারকৃত মহাখালি বাস টার্মিনাল উদ্বোধন

ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা বৃহস্পতিবার সংস্কারকৃত মহাখালি আন্তঃজেলা বাস টার্মিনাল উদ্বোধন করেছেন। ১৫ কোটি টাকা ব্যয়ে সম্প্রতি এ টার্মিনালের সংস্কার করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2005, 10:11 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

রাজধানির তিনটি আন্তঃজেলা বাস টার্মিনালের মধ্যে অন্যতম হচ্ছে মহাখালি বাস টার্মিনাল। অপর দুটি টার্মিনালের মধ্যে সায়েদাবাদ টার্মিনাল ২৪ জুলাই এবং গাবতলি টার্মিনাল ২৬ জুলাই উদ্বোধন করা হবে।

মহাখালি টার্মিনাল গত ডিসেম্বরে খুলে দেওয়ার কথা ছিল। কিন্তু ঠিকাদার কাজ সম্পন্ন করতে ব্যর্থ হওয়ায় উদ্বোধন করতে দেরি হলো।

বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় সড়ক ও জনপথ বিভাগের অধীনে ঢাকা আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট ৪৪ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে তিনটি টার্মিনালের সংস্কার কাজ সম্প্রতি সম্পন্ন হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১০ আসনের এমপি আলহাজ্ব মোসাদ্দেক আলী ফালু।

সূত্র মতে, তিনটি বেসরকারি প্রতিষ্ঠান টার্মিনালসমূহ পরিচালনা এবং বাস থেকে রাজস্ব আদায় করবে। এজন্যে তারা প্রতি বছর সিটি করপোরেশনকে তিন কোটি ২৫ লাখ টাকা প্রদান করবে। ঢাকা সিটি করপোরেশন ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী তারা টার্মিনালের রক্ষণাবেক্ষণও পরিচালনা করবে।

বেসরকারি প্রতিষ্ঠান প্রত্যেক বাস থেকে ৩০ টাকা করে আদায় করবে। বাসসমূহ নির্দিষ্ট লাইনে যাত্রী নামানো এবং ওঠানোর জন্যে আধ ঘন্টা পর্যন্ত দাঁড়াতে পারবে।