চট্টগ্রাম ও বান্দরবানে মৃদু ভূমিকম্প
বন্দরনগরী চট্টগ্রাম ও বান্দরবানে বৃহস্পতিবার বিকেলে মৃদু ভূমিকম্প হয়েছে।
চট্টগ্রামে দুটি ভূমিকম্পের মধ্যে প্রথমটি বিকাল ৫ টা ৪১ মিনিট ১৮ সেকেন্ডে শুরু হয়ে ১৬ সেকেন্ড স্থায়ী ছিল। রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ছিল চার দশমিক আট।
নগরীর আমবাগানে অবস্থিত ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য মতে এ ভুকম্পনের কেন্দ্রবিন্দু বন্দরনগরী থেকে ১৪৮ কিলোমিটার দূরে অবস্থিত।
নগরীতে দ্বিতীয় ভূকম্পনটি বিকেল ছয়টা ৪৫ মিনিট ৪৪ সেকেন্ডে শুরু হয়ে ১৪ সেকেন্ড স্থায়ী হয় এবং রিখটার স্কেলে এর মাত্র ছিল তিন দশমিক নয়। এ ভূকম্পনের কেন্দ্র নগরী থেকে ১২৪ কিলোমিটার দূরে অবস্থিত।
এ দুটি ভুমিকম্পের ফলে কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।
এ দুটি নিয়ে এবছর দেশে মোট ১৭টি ভূকম্পন রেকর্ড করা হয়েছে।
এদিকে, বান্দরবানে বৃহস্পতিবার বিকেল পাঁচটা ৪৩ মিনিটে শুরু হওয়া মাঝারি মাত্রার ভূমিকম্প ২০ সেকেন্ড স্থায়ী হয়। এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
