২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলতি অর্থবছরে জেলা পরিষদগুলোর জন্যে ৪৬৮ কোটি ২০ লাখ টাকার বাজেট দিয়েছে

স্থানীয় সরকার মন্ত্রণালয় চলতি অর্থবছরের জন্যে জেলা পরিষদগুলোকে ৪৬৮ কোটি ২০ লাখ টাকার বাজেট দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2005, 06:27 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

এর মধ্যে আছে- জেলা পরিষদগুলোর নিজস্ব আয় থেকে ১৬২ কোটি ৮৬ লাখ টাকা এবং এডিপি থেকে ৩০৫ কোটি ৩৪ লাখ টাকা।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া বৃহস্পতিবার জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তাদের সাথে এক বৈঠকে এ ঘোষণা দেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব এএইচএম আবুল কাশেম। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী শহীদুল হাসান এসময় উপস্থিত ছিলেন।

বাজেট উপস্থাপনকালে আরও জানানো হয়, গত অর্থবছরে সারাদেশে জেলা পরিষদের মাধ্যমে ৪২টি মিলনায়তন, ২৮টি ডাকবাংলো, ২১২টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, তিন হাজার ২৩টি রাস্তা এবং ৭৬২টি ব্রীজ--কালভার্ট নির্মাণসহ ১১ হাজার ৪৪৪টি প্রকল্প বাস্তবায়ন করেছে।

এছাড়াও ৭২টি মিলনায়তন এবং ১৬৭টি ডাকবাংলো বর্তমানে নির্মাণাধীন রয়েছে।

বৈঠকে জানানো হয়, সারাদেশে জেলা পরিষদের  ৬৪ হাজার এক একর জমি আছে। এর মধ্যে ২ হাজার ৯৪ একর জমি বেদখলে রয়েছে। তবে গত এক বছরে জেলা পরিষদ ৫৩৮ একর জমি দখলমুক্ত করেছে।

বাজেট ঘোষণা শেষে আব্দুল মান্নান ভূঁইয়া জেলা পরিষদগুলোর আয় বৃদ্ধি এবং বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধারের জোর তৎপরতা চালানোর জন্যে পরিষদের কর্মকর্তাদের নির্দেশ দেন।