২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিটফোর্ডের সনি ড্রাগসের মালিকের বিরুদ্ধে স্ত্রী নাসিমার নারী নির্যাতনের অভিযোগ, অস্বীকার করেছেন স্বামী

ঢাকা ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং মিটফোর্ডের সনি ড্রাগসের মালিক শেখ ইউনুস আহমেদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ করেছেন তার দ্বিতীয় স্ত্রী নাসরিন আক্তার নাসিমা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2005, 04:01 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

তবে ইউনুস শেখ বিডিনিউজের কাছে এ অভিযোগ মিথ্যা ও হয়রানিমূলক বলে দাবি করেছেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাসিমা বলেন, ইউনুস ২০০৩ সালে গোপনে তার প্রথম স্ত্রীর প্রবাসী ভাইয়ের স্ত্রী মৌসুমীকে বিয়ে করেন। এরপর ২০০৪ সালের ১৪ নভেম্বর মৌসুমীকে ঘরে নিয়ে এলে দ্বিতীয় স্ত্রী নাসিমা এতে বাধা দেন।

এসময় দুই শিশু সন্তানকে নিজের কাছে রেখে নাসিমাকে বের করে দেন ইউনুস। তার দুই শিশু হচ্ছে ইমরান (৭) ও সুমাইতা (২)। সন্তানদের ফিরে চাইলে ইউনুস তাকে ও তার ভাই উজ্জ্বলকে হত্যা এবং তাদের দুই বোনকে অপহরণের হুমকি দেয়।

এ ব্যাপারে তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর থানায় মামলা করলেও থানার দারোগা আফজাল হোসেন মামলার তদন্ত না করেই চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) দিয়েছে।

তিনি তার সংসার ও সন্তানদের ফিরে পেতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।

এসময় তার বাবা আব্দুল খালেক, ভগ্নিপতি ফজলুর রহমানসহ পরিবারের অন্য কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

এদিকে বিডিনিউজের সাথে আলাপকালে শেখ ইউনুস আহমেদ বলেন, আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এ অভিযোগ করা হয়েছে। মূলত: ওই মহিলাই দুশ্চরিত্রা। ওই মহিলা আমার সংসার থেকে ৬০ থেকে ৬৫ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে।

তিনি তার দুই সন্তান আটকে রাখার কথা স্বীকার করে বলেন, ২০০৪ সালের ১৫ জুলাই তাকে তালাক দেওয়ার পর আমি সন্তানদের আমার কাছে রেখেছি।