কুষ্টিয়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, অপর দুই সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
চুয়াডাঙ্গায় আপত্তিকর মন্তব্য প্রকাশ করার অভিযোগে দুজন সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের ও গ্রেফতারি পরোয়ানা জাবি করা হয়েছে।
এদিকে কুষ্টিয়ায় একজন সরকারি কর্মকর্তা অন্য দুজন সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেছে।
স্থানীয় সাপ্তাহিক ‘চুয়াডাঙ্গা দর্পন’ এ প্রকাশিত একটি সংবাদে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে পত্রিকার সম্পাদক ও প্রকাশক আনোয়ার হোসেন এবং বার্তা সম্পাদক রাশেদ আনোয়ারের বিরুদ্ধে চুয়াডাঙ্গা আমলী আদালত ক অঞ্চলের বিচারক প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন গ্রেফতারি পরোয়ানা জাবি করে।
চুয়াডাঙ্গার ভিজে স্কুল মাঠ রক্ষা কমিটির সদস্য সচিব আকরামুল্লাহ খন্দকারের দায়ের করা এক মামলায় এ পরোয়ানা জারি করা হয়।
অন্যদিকে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কুষ্টিয়া সার্কেলের সহকারি পরিচালক (ইঞ্জি:) আব্দুল মোমেন চাঁদাবাজির অভিযোগে প্রথম আলো‘র কুষ্টিয়া প্রতিনিধি তারিকুল হক তারিক এবং আজকের কাগজ‘র কুষ্টিয়া প্রতিনিধি শামসুল আলম স্বপনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
মামলায় তিনি উল্লেখ করেন, তারিকুল ইসলাম তারিক এবং শামসুল আলম স্বপন ১৯ জুলাই সহকারি পরিচালকের কক্ষে ঢুকে ছয়শত টাকা মূল্যের মোবাইল ফোন কার্ড দাবি করে। তাদের দাবি মানা সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হলে গালিগালাজ করে অফিসের সবাইকে দেখে নেবে বলে শাসিয়ে চলে যায়।
‘চুয়াডাঙ্গা দর্পন’ এর বিরুদ্ধে মামলা প্রসঙ্গে পত্রিকার বার্তা সম্পাদক রাশেদ আনোয়ার বলেন, চুয়াডাঙ্গা থানায় দায়েরকৃত দুটি মামলার ভিত্তিতে সংবাদটি করা হয়েছিল। সেখানে পত্রিকার নিজস্ব মতামত নেই।
অন্যদিকে তারিকুল হক তারিক মামলা প্রসঙ্গে বলেন, আমি কখনও বিআরটিএ অফিসে যাইনি। তাই চাঁদাবাজির প্রশ্নও অযৌক্তিক।
