ডিগ্রী পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৪৪ দশমিক ৭৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই এবং তিন বছর মেয়াদী ডিগ্রী (পাস) পরীক্ষা ২০০৪- এর ফলাফল বুধবার প্রকাশিত হয়েছে। এতে পাশের শতকরা হার ৪৪.৭৬।
জানুয়ারির এক তারিখ শুরু হওয়া পরীক্ষা জুলাই ১৪ তারিখে শেষ হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মত পরীক্ষা শেষ হওয়ার মাত্র পাঁচ দিনের মধ্যে এ ফলাফল প্রকাশিত হলো। সাধারণত এধরনের ফলাফল প্রকাশের জন্যে কয়েক মাস সময় দরকার হয়।
এবছর মোট ৫৫,১৫৭ জন পরীক্ষার্থী দুবছর এবং তিন বছর মেয়াদী পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে মোট ২৪,৯৯১ জন কৃতকার্য হয়েছে, যাদের মধ্যে ৭,০৬১ জন দু বছর মেয়াদী এবং ১৭,৬৩০ জন হচ্ছে তিন বছর মেয়াদী শাখা থেকে।
দু বছর মেয়াদী শাখার পাশের হার- ৩৭ দশমিক ৪৬ এবং তিন বছর মেয়াদীদের মধ্যে এ হার- ৪৮দশমিক ২৭।
উভয় শাখা থেকে মোট ৫৩৫ জন প্রথম বিভাগ, ১৬,১৬৩ জন দ্বিতীয় বিভাগ এবং ৭,৫৭১ জন তৃতীয় বিভাগ লাভ করেছে।
এছাড়া, একই বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রী (পাস) প্রথম বর্ষ এবং সাবসিডিয়ারি পরীক্ষার ফলাফলও বুধবার প্রকাশিত হয়েছে।
মোট ৪৮,৮০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৪,৩৪৫ জন পরীক্ষার্থী দ্বিতীয় বর্ষে উন্নীত হয়েছে, যার শতকরা হার- ৯০ দশমিক ৮৫।
সাবসিডিয়ারি পরীক্ষায় ২০,৬৭১ জনের মধ্যে ১১,৫৪৪ জন পাশ করেছে যার হার শতকরা ৫৫ দশমিক ৮৫।
সার্টিফিকেট কোর্সটিতে মোট ৯২০ জন পরীক্ষা দিয়েছিল। পাশ করেছে ৪১৪ জন। এর শতকরা হার ৫৫ দশমিক ৮৫।
মোট ৯৮৪ জন পরীক্ষার্থীর পরীক্ষার খাতায় সমস্যা থাকার কারণে তাদের ফলাফল স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আফতাব আহমাদ।
