২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অকটেন, পেট্রোলের দাম বাড়লো

অকটেন ও পেট্রোলের দাম আরো এক দফা বৃদ্ধি করা হয়েছে। প্রতি লিটার অকটেন ৩ টাকা বাড়িয়ে ৩৮ টাকা এবং পেট্রোল ১ টাকা বাড়িয়ে ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামীকাল বুধবার থেকে এই দাম কার্যকর হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2005, 08:35 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

এ নিয়ে বর্তমান সরকারের আমলে জ্বালানি তেলের দাম ৬ দফা বাড়ানো হলো।

জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বিডিনিউজকে বলেন, “দাম বাড়ানো হয়নি। কেবল সমন্বয় করা হয়েছে মাত্র। অকটেন আর পেট্রোলতো এক দাম হতে পারে না। তাই এই সমন্বয় করা হলো।”

বিপিসি‘র একজন কর্মকর্তা বলেন, গত ২৪ মে জ্বালানি তেলের দাম বাড়িয়ে অকটেন ও পেট্রোলের দাম প্রতি লিটার ৩৫ টাকা করার সিদ্ধান্ত ছিল ভুল। আর এই কারণে পেট্রোল বিক্রি প্রায় বন্ধ হয়ে যায়। এতে ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড বছরে যে প্রায় দেড় লাখ মেট্রিক টন পেট্রোল উৎপাদন করে তা বিক্রি অনিশ্চিত হয়ে পড়ে।

এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য এবার অকটেনের দাম ৩৮ টাকা এবং পেট্রোল ৩৬ টাকা করা হয়েছে বলে জ্বালানি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা দাবি করেন।

জোট সরকার ক্ষমতা গ্রহনের সময় ২০০১ সালের অক্টোবর মাসে প্রতি লিটার কেরোসিন ও ডিজেলের দাম সাড়ে ১৫ টাকা, পেট্রোল ২৩ টাকা এবং অকটেনের দাম ২৫ টাকা ছিলো। মে মাসের শেষ সপ্তাহে তেলের দাম বৃদ্ধি করা হয়। তখন প্রতি লিটার কেরোসিন ও ডিজেলের দাম নির্ধারণ করা হয় ২৬ টাকা আর পেট্রোল ও অকটেনের দাম নির্ধারণ করা হয় ৩৫ টাকা।

গত মে মাসে তেলের দাম বৃদ্ধির সময় তৎকালীন জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন দাবি করেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার কারণে তাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি আরো দাবি করেন বর্তমান বাজার দর অনুসারে দেশে শুল্কসহ প্রতি লিটার পেট্রোল ও অকটেনের খরচ পড়ে ৩৫ টাকা এবং ডিজেল ও কেরোসিনের দাম পড়ে ৩৮ টাকা।

বিপিসি‘র হিসেবে ২৪ মে’র আগে পর্যন্ত বহাল থাকা দামে জ্বালানি তেল বিক্রির কারণে কেবলমাত্র কেরোসিন ও ডিজেল খাতে তাদের ক্ষতি হয়েছে ২,০৭৫ কোটি টাকা। প্রতিমন্ত্রী দাবি করেছিলেন যে, এই দাম বাড়ানোর কারণে বিপিসি‘র লোকসান ৯০০ কোটি টাকা কমে আসবে।