২৪ ঘন্টায় ৮ জন খুন
চট্টগ্রাম, লক্ষ্মীপুর, যশোর, সিরাজগঞ্জ, সিলেট এবং মেহেরপুর জেলায় পৃথক ঘটনায় মঙ্গলবার একজন মহিলাসহ আট জন খুন হয়েছে।
চট্টগ্রামে পৃথক ঘটনায় পিতাপুত্রসহ তিন জন নিহত হয়। জেলার লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া ইউনিয়নে মঙ্গলবার সকালে পিতাপুত্রের লাশ উদ্ধার করে পুলিশ। এছাড়াও নগরীতে সোমবার রাতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়।
লোহাগাড়া থানা পুলিশ জানায়, বড়হাতিয়া ইউনিয়নের মগ দীঘিরপাড় এলাকায় সন্তোষ কুমার নাথ (৪৫) ও তার ছেলে বন্ধন নাথ (১৮) রাতে তাদের মুদী দোকানে ঘুমিয়ে ছিল। সকালে মৃত অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার ওসি আব্দুল মালেক জানান, তাদের দু’জনের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনায় পুলিশ ও প্রত্য্যদর্শীরা জানান, অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি পাঁচ লাখ ৭০ হাজার টাকা নিয়ে সিএনজি অটোরিক্সা করে যাওয়ার সময় কোতয়ালি থানার সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিংয়ের কাছে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু সে টাকাসহ রক্তাক্ত অবস্থায় একটি যাত্রিবাহী বাসে উঠে পড়ে। বাসের যাত্রীরা তাকে সেন্ট্রাল পয়েন্ট হাসপাতালে ভর্তি করে। পরে রাত ১১ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, জেলার রামগতি উপজেলার চরমার্টিন গ্রামে সোমবার রাতে পাষণ্ড পুত্রের হাতে মা খুন হয়েছেন।
নিহতের নাম খায়রুন নেছা (৫৫)। পুলিশ পুত্র হারুনুর রশিদকে গ্রেফতার করেছে।
রামগতি থানার ওসি খুরশিদ আলম জানান, জমির ভাগ-বাটোয়ারা নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে পুত্র হারুনুর রশিদ ধারালো ছেনি দিয়ে কুপিয়ে মাকে হত্যা করে। পরে সে তার মায়ের লাশ টয়লেটে লুকিয়ে রাখে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মঙ্গলবার সকালে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
একই ধরণের ঘটনায়, যশোরের মনিরামপুর উপজেলার চাকলা গাজীপাড়ায় ছেলের হাতে বাবা খুন হয়েছে।
পুলিশ মঙ্গলবার লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসী জানায়, মনিরামপুর উপজেলার চাকলা গাজীপাড়ায় ইবাদুল দফাদার (৪৫) তার প্রথম স্ত্রী মোমেনা খাতুনের অমতে দ্বিতীয়বার বিয়ে করেন। নতুন বউয়ের জন্য কেনাকাটা সেরে ইবাদুল বাসায় ফিরলে সোমবার রাত ১২টার দিকে মোমেনার সাথে তার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ইবাদুল প্রথম স্ত্রীকে বেদম মারপিট করে।
মায়ের চিৎকার শুনে পুত্র সেলিম ছুটে আসে এবং মাকে রক্তাক্ত অবস্থায় দেখে ধারালো অস্ত্র দিয়ে পিতা ইবাদুলকে আঘাত করে। ঘটনাস্থলেই ইবাদুলের মৃত্যু হয়।
এ ঘটনার পর থেকে ঘাতক পুত্র সেলিম ও তার স্ত্রী পলাতক রয়েছে।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, জেলার কামারখন্দ উপজেলার বানিয়াগাতিতে সোমবার রাতে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্রের আঘাতে এক মুক্তিযোদ্ধা কমান্ডারকে হত্যা করেছে।
পুলিশ জানায়, সোমবার রাত নয়টার দিকে বানিয়াগাতি ব্রিজের পূর্বপার্শ্বে একদল সন্ত্রাসী মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী হারুন অর রশিদকে (৫৩) ধারালো অস্ত্র দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। এলাকাবাসী গুরুতর অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হারুন অর রশিদ কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। এ হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
সিলেট প্রতিনিধি জানান, জেলার জকিগঞ্জে আবুল খায়ের গ্রুপের একজন কর্মকর্তা নিহত হয়েছেন।
নিহতের নাম আব্দুল মালেক।
স্থানীয় সূত্র জানায়, এলাকাবাসী মঙ্গলবার সকালে রাস্তায় আব্দুল মালেকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
তার বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার বাঘা গ্রামে বলে জানা গেছে।
মেহেরপুর প্রতিনিধি জানান, জেলার গাংনী উপজেলার গোপালনগর গ্রামে কবির হাসান ওরফে আবুল কালাম (৩৮) নামের এক চরমপন্থীকে সোমবার রাত ১১টায় একদল চরমপন্থী নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে।
পুলিশ জানায়, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল) গ্রুপের ১৫/২০ জন সশস্ত্র ক্যাডার গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের বেড় গ্রামের ভোলাই মন্ডলের পুত্র চরমপন্থী আঞ্চলিক নেতা কবির হাসান ওরফে আবুল কালামকে অপহরণ করে। তাকে রায়পুর ইউনিয়নের গোপালনগর গ্রামের একটি পাট ক্ষেতে জবাই করে রেখে তারা নির্বিঘ্নে পালিয়ে যায়।
এ ব্যাপারে গাংনী থানার এসআই হায়দার বলেন, বেড় গ্রামের কালাম পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিল। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও রাহাজানিসহ বেশকিছু মামলা রয়েছে।
এদিকে, রাতেই স্থানীয় একটি পত্রিকায় ফোন করে জনৈক তজবির হাসান লিপু নিজেকে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে এই হত্যাকাণ্ডের দায়-দায়িত্ব স্বীকার করে বলেন, কামাল ছিল সংঘবদ্ধ অপহরণকারী চক্রের হোতা।
ঘটনাগুলোয় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
