মেহেরপুরে চরমপন্থী নেতাকে হত্যা করেছে বিরোধী চরমপন্থীরা
মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামে কবির হাসান ওরফে আবুল কালাম (৩৮) নামের এক চরমপন্থীকে সোমবার রাত ১১টায় একদল চরমপন্থী নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে।
পুলিশ জানায়, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল) গ্রুপের ১৫/২০ জন সশস্ত্র ক্যাডার গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের বেড় গ্রামের ভোলাই মন্ডলের পুত্র চরমপন্থী আঞ্চলিক নেতা কবির হাসান ওরফে আবুল কালামকে অপহরণ করে। তাকে রায়পুর ইউনিয়নের গোপালনগর গ্রামের একটি পাট ক্ষেতে জবাই করে রেখে তারা নির্বিঘ্নে পালিয়ে যায়।
এ ব্যাপারে গাংনী থানার এসআই হায়দার বলেন, বেড় গ্রামের কালাম পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিল। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও রাহাজানিসহ বেশকিছু মামলা রয়েছে।
এদিকে, রাতেই স্থানীয় একটি পত্রিকায় ফোন করে জনৈক তজবির হাসান লিপু নিজেকে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে এই হত্যাকাণ্ডের দায়-দায়িত্ব স্বীকার করে বলেন, কামাল ছিল সংঘবদ্ধ অপহরণকারী চক্রের হোতা।
