২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫০ চোরাকারবারী সুন্দরবনের কাঠ পাচার নিয়ন্ত্রণ করছে

খুলনার ৫০ চোরাকারবারী সুন্দরবন পশ্চিমাঞ্চলের কাঠ চোরাচালান নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদের অধিকাংশই পুলিশের তালিকাভূক্ত। এসব চোরাকারবারী গোলপাতা ও জ্বালানির পারমিট নিয়ে সুন্দরবনের গহীন অরণ্যে প্রবেশ করে মূল্যবান কাঠ পাচার করছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2005, 09:45 AM

Updated : 26 Apr 2022, 05:53 PM

ইদানীং মোবাইল ফোনের মাধ্যমেও চোরাচালান নিয়ন্ত্রণ করা হচ্ছে।

জানা যায়, পুলিশ প্রশাসন, বন বিভাগের অসাধু কর্মকর্তাদের নিয়মিত উৎকোচ প্রদান করে এরা কাঠ পাচার অব্যাহত রেখেছে।

খুলনার রূপসা চাঁনমারি বাজার, পাইকগাছার গড়ইখালী, বটিয়াঘাটার কৈয়াবাজার, দাকোপের নলিয়ান, সুতারখালী, কালাবগী ও কয়রার বুড়োগোয়ালিনী এলাকায় রয়েছে চোরাচালানীদের শক্ত ঘাঁটি।

একাধিক গোয়েন্দা সংস্থার তালিকায় রূপসার কাঠ পাচার সিন্ডিকেটের ২০ সদস্যের নাম পাওয়া গেছে। এরা প্রত্যেকেই রূপসা চাঁনমারি এলাকায় কাঠ চোরাচালান নিয়ন্ত্রণ করে থাকে। এদের অনেকেরই স’ মিল রয়েছে। চোরাকারবারীরা গোলপাতা, জ্বালানি ও মধু সংগ্রহের পারমিট নিয়ে সুন্দরবনে প্রবেশ করে মূল্যবান সুন্দরী, গরাণ, পশুর গাছ কেটে পাচার করছে। মূল্যবান এই সব গাছ কাটার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকলেও বন বিভাগের স্টেশন কর্মকর্তাদের যোগসাজসে গাছ কাটা চলছে অবাধে।

সুন্দরবন থেকে গাছ কেটে নলিয়ান, কালাবগী, গড়ইখালী, বুড়ো গোয়ালিনী, ঢাংমারী এলাকার নদীতে ডুবিয়ে রাখা হয়। পরে তা নৌকা, ট্রলারযোগে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হয়।

রূপসার নোয়া সিন্ডিকেটের রয়েছে চার সিলিন্ডারবাহী নৌকা। এই নৌকাগুলো রাতে সুন্দরবনে প্রবেশ করে এবং প্রতি রাতেই গাছ বহন করে ফিরে আসে। নৌকাগুলো প্রতিমাসে ২/৩টি ট্রিপ দেয়। প্রতি ট্রিপে কমপক্ষে ৩-৪ লাখ টাকার গাছ নিয়ে আসে। প্রতি ট্রিপের জন্য নলিয়ান ফরেস্ট অফিস এবং বিভিন্ন থানাকে উৎকোচ প্রদান করতে হয়।

রূপসার লবনচরা ও বটিয়াঘাটার কৈয়া বাজারের ৫-৬ টি স’মিলে গাছ চেরাই করে পাচার করা হয়। লবণচরা কাঠ চোরাচালান সিন্ডিকেটের সাথে রয়েছে পুলিশ প্রশাসন, বন বিভাগ ও স্থানীয় প্রভাবশালী মহলের সখ্য।

বটিয়াঘাটা বন বিভাগের টহল ফাঁড়ি কর্মকর্তাদের সাথে সুন্দরী কাঠ চোরাকারবারিদের চুক্তির ভিত্তিতে সুন্দরী কাঠ পাচার চলছে দীর্ঘ দিন ধরে।

খুলনার চাঁনমারি এলাকার কাঠ চোরাকারবারিরা দীর্ঘদিন ধরে বনবিভাগ ও থানা পুলিশের সাথে চুক্তির ভিত্তিতে সুন্দরী কাঠ পাচার করে আসছে।

দাকোপের সুন্দরখালী ইউপি সদস্য সিরাজের রয়েছে ১৫ সদস্যের একটি চোর দল।

এছাড়া, সাবেক ছাত্রদল নেতা মনিরুজ্জামান মন্টু ও তার ভাই কালুর নেতৃত্বে কয়রায় শক্তিশালী কাঠ চোরাচালান সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে।

এ ব্যাপারে পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাহারুল ইসলাম বিডিনিউজকে বলেন, আমরা উন্মুক্ত বনজ সম্পদ রক্ষায় যথাযথভাবে দায়িত্ব পালন করে আসছি।