উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি : চাঁদপুরের ইচুলি ঘাটে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা
দেশের উত্তরাঞ্চলের জেলাসমুহে সার্বিক বন্যা পরিস্থিতি সোমবার আরও অবনতি হয়েছে। বন্যায় পানিতে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।
অন্যদিকে মেঘনা মোহনায় মারাত্মক ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ায় চাঁদপুরে স্থানীয় বন্দর কর্তৃপক্ষ ইচুলি ঘাট থেকে সকল নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে।
ইতোমধ্যে দেশের বেশ কয়েকটি বন্যা আক্রান্ত অঞ্চলে ডায়রিয়ার প্রাদুর্ভাব শুরু হয়েছে। নীলফামারিতে গত কয়েকদিনে ডায়রিয়ায় তিনজন নিহত হয়েছে।
বিডিনিউজ চাঁদপুর প্রতিনিধি জানান, মেঘনায় পানি উচ্চতা বৃদ্ধি পেয়েছে। বন্যার পািন আসাম ও মেঘালয় থেকে বন্যার পানি চাঁদপুরের মেঘনা মোহনা দিয়ে বঙ্গোপসাগরে নামতে াকায় মারাত্মক ঘুর্ণাবর্ত সৃষ্টি হযেছে। স্থানীয় বন্দর কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদীন বিডিনিউজকে জানান, তারা মঙ্গলবার থেকে ঘূর্ণাবর্তে সৃষ্ট দুর্ঘটনা এড়াতে নৌ যান মালিকদের ইচুলি ঘাট ব্যবহার না করার নির্দেশ দিয়েছে।
বন্যা পূর্বাভাষ এবং সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) জানায়, ঢাকা এবং নারায়ণগঞ্জের আশে পাশে নিচু এলাকায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে।
গত ২৪ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলে ভারী বর্ষণে সিলেট, সুনামগঞ্জ এবং নেত্রকোনার আরও অনেক নিচু এলাকা প্লাবিত হয়েছে। অন্যদিকে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে।
এফএফডব্লিউসি আরও জানায়, ব্রক্ষ্মপুত্র এবং যমুনা নদীর সকল পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। একই সময়ে গঙ্গা অববাহিকার সকল নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে মেঘনা অববাহিকার সকল নদ-নদী পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বিডিনিউজ নীলফামারী প্রতিনিধি জানান, বন্যা কবলিত নীলফামারী জেলায় ডায়রিয়া রোগের ব্যাপক বিস্তার শুরু হয়েছে। জেলার সরকারি হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া রোগির সংখ্যা। এ রোগে আক্রান্ত হয়ে সোমবার আরও দু’জনের মৃত্যু হওয়ায় গত চার দিনে মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে তিন-এ। পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ ৭০টি মেডিকেল টিম গঠন করলেও পরিস্থিতি ক্রমেই মারাত্বক আকার ধারণ করছে। প্রতিটি উপজেলায় কন্ট্রোল রূম খুলে পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে।
সদর আধুনিক হাসপাতালের আরএমও ডা. খোরশেদ আলম জানিয়েছেন, অতিবৃষ্টি ও বন্যার কারণে পানির স্তর বেড়ে গেছে এবং এ জেলার বেশির ভাগ মানুষ খোলা স্থানে মলত্যাগে অভ্যস্ত হওয়ায় ডায়রিয়ার জীবানু খুব সহজে ছড়িয়ে পড়ছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ি এরই মধ্যে দু’হাজার ৪৫৯ জন মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছে। আক্রান্ত হলেও সরকারী হাসপাতালে চিকিৎসা নিতে না আসা রোগির সংখ্যা আরো প্রায় পাঁচ হাজার বলে জানা গেছে।
সদর উপজেলার পলাশবাড়ি ইউপি চেয়ারম্যান মমতাজ উদ্দিন প্রামানিক জানিয়েছেন, শনিবার তরণীবাড়ি সরকারপাড়া গ্রামে প্রথমে একটি বাড়িতে ডায়রিয়া শুরু হয়। দু’দিনের মাথায় গোটা গ্রামের মানুষ এ রোগে আক্রান্ত হয়ে পড়েছে। শুক্রবার ডায়রিয়া আক্রান্ত হলে ওই গ্রামের ইসমাইল হোসেনের দু’বছরের শিশু পুত্র রাসেলকে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় রোববার সে মারা যায়। এই গ্রামের জালাল উদ্দিনের পুত্র রহমান (১২) একই দিন হাসপাতালে নেয়ার আগেই মারা যায়। এর দু’দিন আগে মারা যায় সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের সঠিপাড়ার ইব্রাহীম আলী নামে এক বৃদ্ধ।
বন্যা কবলিত নীলফামারী জেলায় ডায়রিয়ার ব্যাপক বিস্তারের কারণে সরকারী হাসপাতালগুলোতে এখন ডায়রিয়া রোগীর ছড়াছড়ি। সদর আধুনিক হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে স্থান না পেয়ে হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিচ্ছে আক্রান্ত রোগীরা।
বিডিনিউজ গাইবান্ধা প্রতিনিধি জানান, একটানা বর্ষন ও উজান থেকে নেমে আসা পানির ঢলে সোমবারও ব্রক্ষ্মপুত্র, করতোয়া ও ঘাঘট নদীর পানি অব্যাহত রয়েছে। এতে গোবিন্দগঞ্জ পৌর এলাকার খলসি, তরফমনুসহ জেলার পাঁচ উপজেলার ২০ টি ইউনিয়নের আরও নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। গত ২৪ ঘন্টায় ব্রক্ষ্মপুত্র নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২০ সে.মি. ঘাঘট নদীর পানি ৮২ সে.মি. এবং করতোয়া নদীর পানি এক ফুট বৃদ্ধি পেয়ে বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, কাতলামারীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, গোদারহাট ও পূর্বকোমরনইয়ের সোনাইল বাঁধ এভং গাইবান্ধা শহর রক্ষা বাঁধের ৬টি পয়েন্টে নদী ভাঙ্গন অব্যাহত থাকায় বাঁধগুলেঅ বিপন্ন হয়ে পড়েছে।
বিডিনিউজ কুড়িগ্রাম প্রতিনিধি জানান, জেলার নয় উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩১ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রক্ষ্মপুত্রের পানি সামান্য কমলেও তিস্তায় তিন সে.মি. ও দুধকুমরে পানি বৃদ্ধি পেয়েছে। ধরলা তীরবর্তী ১০ টি ইউনিয়নসহ ৬০ টি ইউনিয়নের ৪০ হাজার পরিবারের দুই লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। দুর্গত এলাকায় এখনও ত্রাণ তৎপরতা শুরু হয় নি।
