সমাজকল্যাণ মন্ত্রীর সাথে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত মি. সুফাত চিত্রানুক্রোহ সোমবার সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে মন্ত্রী থাই রাষ্ট্রদুতের সাথে ব্যাংককে আগামী ২৬-২৯ জুলাই ইউএন-এসকাপ’র উদ্যোগে অনুষ্ঠেয় চারদিন ব্যাপী প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা, অধিকার সংরক্ষণ ও উন্নয়ন সংক্রান্ত আন্তজাতিক কনভেনশনের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলাপ-আলোচনা করেন। খবর প্রেস বিজ্ঞপ্তির।
এসময় মন্ত্রী বলেন, বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে থাইল্যান্ড অন্যতম সহযোগী দেশ। সমাজকল্যান কার্যক্রমেও ঢাকা-ব্যাংকক সহযোগিতার সুযোগ আছে। মন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রণালয় পরিচালিত সেফ হোস, জাতীয় কিশোর-কিশোরী উন্নয়ন প্রতিষ্ঠান, পথশিশু, প্রতিবন্ধী, বয়স্ক ভাতা ও ঋণ কর্মসূচি সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন।
রাষ্ট্রদূত বাংলঅদেশের সমৃদ্ধি অর্জনে থাইল্যান্ডের সরকারের সহযোগিতা আগামীতে আরও বৃদ্ধি পাবে বলে উল্লেখ করেন। এছাড়া সমাজকল্যান মন্ত্রীর আসন্ন থাইল্যান্ড সফর সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও তিনি প্রদান করেন।
সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের সচিব কাজী মনোয়ারুল হক, যুগ্ম সচিব মোহাম্মদ আব্দুল করিম উপস্থিত ছিলেন।
