উত্তরায় আহমদিয়া মসজিদ সংস্কার কাজে স্থানীয়দের বাধা
রাজধানীর উত্তরার দক্ষিণখান ইউনিয়নের নর্দ্দাপাড়া গ্রামের ১০ বছরের পুরণো একটি আহমদিয়া মসজিদের সংস্কার কাজে স্থানীয়রা বাধা দিয়েছে।
শুক্রবার এ কাজ শুরু হলে স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজি কলিমুল্লাহ তাতে বাধা দেন। এ ঘটনায় আহমদিয়া জামাতের স্থানীয় সভাপতি আরমান আলী উত্তরা থানায় একটি জিডি করেন। জিডি নম্বর ১৩২/১৫/০৭/০৫।
শনিবার আবার মসজিদের কাজ শুরু করা হলে ইউপি সদস্য নুরুল ইসলাম ১৫-২০ জন লোকসহ নির্মান কাজে বাধা দেন।
তারা মসজিদের পাশে আরমান আলীর বাড়িতে ঢুকে হুমকি দেয়। আরমান আলী বিডিনিউজকে জানান, মসজিদের কাজ বন্ধ করা না হলে তাদের ওপর হামলার হুমকি দেওয়া হয়েছে। স্থানীয় আহমদিয়ারা এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে। এদিকে, থানায় জিডি করা হলেও পুলিশ এখনও কোনও ব্যবস্থা নেয়নি।
