খুলনায় তীব্র ডলার সংকটের কারণে পণ্য আমদানি ব্যহত
খুলনায় তীব্র ডলার সংকটের কারণে পণ্য আমদানি বিঘ্নিত হচ্ছে। ডলার সংকট, দফায় দফায় দাম বৃদ্ধি, সরকারি এবং বেসরকারি ব্যাংকে ডলারের দামের বৈষম্যসহ বিভিন্ন কারণে প্রায় দেড় মাস ধরে আমদানিকারকরা কোনও প্রকার এলসি (লেটার অব ক্রেডিট) খুলতে পারছেন না।
এদিকে তীব্র ডলার সংকটসহ বিভিন্ন সমস্যা নিয়ে সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ খুলনার বাণিজ্যিক ব্যাংকের প্রধানদের সাথে আলোচনা করেছেন।
এদিকে ১৩ জুলাই অর্থমন্ত্রী ডলার সংকট নেই বলে দাবি করলেও, ব্যবসায়ীরা বাস্তবে এর মিল খুঁজে পাচ্ছেন না। বিশ্বের বিভিন্ন স্থানে ডলারের দাম কমলেও বাংলাদেশেই শুধু ডলারের দাম বাড়ছে লাগামহীনভাবে।
একদিকে বলা হচ্ছে ডলারের রিজার্ভ ভাল। অন্যদিকে দেখা যাচ্ছে, রাষ্ট্রায়াত্ত্ব ও বেসরকারি ব্যাংকে পর্যাপ্ত ডলার নেই। এর ফলে ব্যবসায়ীরা এলসি খুলতে পারছেন না। এ কারণে ব্যবসা-বাণিজ্য কার্যত বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
ডলার সংকটের কারণে আগামী দু‘মাসের মধ্যে কাঁচামালের নিরাপত্তা মজুদে সংকট, কলকারখানার মেশিন ও খুচরা যন্ত্রাংশেরও সংকট দেখা দিতে পারে বলে ব্যবসায়ীরা মনে করছেন। কারণ এলসি খুললেও আমদানি পণ্য দেশে আসতে কমপক্ষে ৯০ দিন সময় লাগবে।
গত দেড় মাস খুলনায় কোন ব্যাংকে এলসি খোলা হয়নি। ফলে দু‘মাস পর শিল্পখাতসহ বিভিন্ন ব্যবসা-বাণিজ্যে বিপর্যয় ঘটার সম্ভাবনা রয়েছে।
ব্যবসায়ীরা মনে করেন, সরকারের রক্ষণশীল মনোভাবের কারণে আগামী ছয় মাসের মধ্যে খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে বহু শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে।
এদিকে একটি বিশ্বস্ত সূত্র জানায়,আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাথে সরকারের এক চুক্তিতে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভকে ব্যবহার না করে তা অক্ষত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এ কারণে রিজার্ভ সংরক্ষণ করতে গিয়ে দেশে ডলারের সংকট দেখা দিয়েছে।
জানা যায়, ভোগ্যপণ্যের এলসি খোলার ব্যাপারে সতর্কতা অবলম্বন, অপ্রয়োজনীয় পণ্যের জন্য এলসি খোলায় নিরুৎসাহিতকরণ ও কেন্দ্রীয় ব্যাংকের ওপর নির্ভর না করে নিজস্ব তহবিলের ওপর নির্ভরশীল হয়ে এলসি খোলার জন্য রাষ্ট্রায়াত্ত্ব ব্যাংককে দেওয়া সরকারি নির্দেশেও বিপাকে পড়েছেন ব্যাংক কর্মকর্তারা।
রাষ্ট্রায়াত্ত্ব এবং বেসরকারি ব্যাংকে ডলারের দামের বৈষম্যের কারণে ব্যবসায়ীরা ভোগান্তির শিকার হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
আইএফআইসি ব্যাংক খুলনা শাখার ব্যবস্থাপক মোখলেসুর রহমান বিডিনিউজকে জানান, ডলার সংকট, দফায় দফায় দাম বৃদ্ধির কারণে প্রায় দেড় মাস যাবত তার ব্যাংকে কোন প্রকার এলসি খোলা হয়নি।
এ অবস্থা খুলনার প্রায় সব ব্যাংকে বিরাজ করছে বলেও তিনি মন্তব্য করেন।
খুলনা চেম্বার অফ কমার্স এ্যন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মুনীর আহমেদ বিডিনিউজকে জানান, বৈধ বিভিন্ন কর, শুল্ক প্রদান করেও আমদানিকারকরা পণ্য আমদানি করতে পারছে না। এটা অর্থনৈতিক গতিশীলতাকে ব্যহত করছে। পণ্য আমদানির ক্ষেত্রে সরকারি নীতিমালার সুস্পষ্ট ধারণা থাকা উচিত বলেও তিনি দাবি করেন।
