২০ জুলাই সুনামগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচন, জমে উঠেছে শেষ মূহুর্তের প্রচারণা
সুনামগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনের শেষ মূহুর্তের প্রচারণা জমে উঠেছে। ২০ জুলাই এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার রাত ১২টা থেকে সকল প্রচার প্রচারণা বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত সকল প্রার্থীই নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুস সামাদ আজাদের মৃত্যুতে এই আসনটি শূণ্য হয়। উপ-নির্বাচনে মোট নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সূত্র জানায়, শেষ মূহুর্তের প্রচারণায় বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বর্তমানে সেখানে অবস্থান করছেন। ইতোমধ্যে বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া চার দলীয় জোট প্রার্থী জামায়াত নেতা মাওলানা শাহিনুর পাশার সমর্থনে এক ঝটিকা সফরে যান। প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী এমপি ১৭ জুলাই জোট প্রার্থীর সমর্থনে সুনামগঞ্জ যান।
জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ তার দলের মনোনীত প্রার্থী লেফটেনেন্ট কর্ণেল (অবঃ) সৈয়দ আলী আহমদের সমর্থনে ১৬ জুলাই থেকে তিন দিনের সফর করেছেন।
এদিকে আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলেও দলটির কট্টর সমর্থক দু‘জন স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশ নেওয়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরাও এই দুই প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন। এ দু‘জন প্রার্থী হচ্ছেন-সাবেক অতিরিক্ত সচিব এমএ মান্নান ও সাবেক যুবলীগ নেতা নজরুল ইসলাম। তাদের পক্ষে দলীয় কোন সিদ্ধান্ত না থাকায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা সেখানে না গেলেও ১৪ দলের নেতৃবৃন্দের মধ্যে বেশ কয়েকজন সাবেক যুবলীগ নেতা নজরুল ইসলামের পক্ষে নির্বাচনী প্রচারণায় যোগ দিতে সিলেটে অবস্থান করছেন।
সোমবার গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, ওয়ার্কার্স পার্টি নেতা রাশেদ খান মেননসহ বেশ কয়েকজন নেতা সুনামগঞ্জ-৩ আসনের শেষ নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বলে জানা যায়।
