রাজনীতি, সরকার ও অর্থনৈতিক খাতে সংস্কারের পক্ষে মত ব্যক্ত করলেন পেশাজীবিরা
দেশের বর্তমান স্থবিরতা কাটিয়ে তোলার জন্য রাজনীতি, সরকার এবং অর্থনীতিসহ বিভিন্ন খাতে ব্যাপক সংস্কারের পক্ষে মত ব্যক্ত করেছেন পেশাজীবিরা।
রোববার রাজধানীতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) আয়োজিত এক আলোচনায় তারা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি এবং নির্বাচন কমিশনের সংস্কারে বিরোধী দলগুলোর প্রস্তাবনা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য দরকার বলেও তারা মত ব্যক্ত করেন।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দু’দিন ব্যাপী ‘ন্যুনতম জাতীয় কর্মসূচি : পরিবর্তনের অঙ্গীকার ও রূপরেখা’ শীর্ষক মত বিনময় সভার প্রথম দিনের আলোচনায় সভাপতিত্ব করেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
অধ্যাপক মোজাফ্ফর আহমেদ বলেন, সংস্কার প্রস্তাব বাস্তবায়নে মুক্তিযুদ্ধের প্রেরণা জনগনকে পথ নির্দেশনা দিতে পারে। নির্বাচন কমিশনের স্বাধীন অর্থনৈতিক ভিত্তি থাকা প্রয়োজন বলে মনে করেন অধ্যাপক মোজফ্ফর আহমেদ। তাছাড়া রাজনৈতিক দলগুলো এবং তাদের নেতাদের অর্থনৈতিক স্বচ্ছতাসহ সব রাজনৈতিক দলের অভ্যন্তরীন সংস্কারের পক্ষেও মত দেন তিনি।
সভায় অন্যান্যের মধ্যে অজয় রায়, অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জামান, দৈনিক অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট ড. রশীদ-ই-মাহবুব, প্রভাষক শাহরিয়ার কবির, মেজর জেনারেল (অব.) কেএম শফিউল্লাহ, ড. বদিউল আলম মজুমদার, অধ্যাপক হোসেন মনসুর, ড. তারেক সাইফুল, ড. হারুনুর রশিদ, অধ্যাপক সাদেকা হালিমা, অধ্যাপক গোবিন্দ চক্রবর্তী বক্তব্য রাখেন।
